ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'বল ট্যাম্পারিং' বৈধ করার বিপক্ষে পাকিস্তানের ফাস্ট বোলার উমর গুল।
গুলের মতে এতে 'রিভার্স সুইং' অনেক সহজ হয়ে যাবে। রিভার্স সুইংকে একটি শিল্প উল্লেখ করে তিনি বলেন, "যদি বল ট্যাম্পারিং বৈধ করে দেয়া হয় তবে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হবে। আমার মনে হয় না এটা করা ঠিক হবে। ক্রিকেটকে তার প্রথাগত পথেই চলতে দেয়া উচিত।"
২০০৯ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গুলের রিভার্স সুইং অনেক ব্যাটসম্যানকেই অস্বস্তিতে ফেলে দিয়েছিলো। নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হলেও বিষয়টি পাত্তাই দেননি গুল।
রোববার করাচি জাতীয় স্টেডিয়ামে গুল বলেন, "বল ট্যাম্পারিং নিয়ে সব সময় পাকিস্তানের ক্রিকেটারদের দিকে সন্দেহের আঙ্গুল তোলা হয়েছে। যদিও এ ব্যাপারে কিছুই প্রমাণ করা সম্ভব হয়নি। ট্যাম্পারিংয়ে নখ ব্যবহারের মতো অবৈধ উপায় যেমন আছে তেমনি বৈধ উপায়ও আছে। ক্রিকেটাররা বলের ঔজ্জ্বল্য নষ্ট করার জন্য তা মাটিতে বারবার আছড়াতে পারেন। এছাড়া মাঠের সীমানায় রাখা বিজ্ঞাপন বোর্ডে মেরেও বলের ক্ষতি করা সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২২ঘ.
bdnews24