ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠ নিয়ে এক রকম সঙ্কটেই পড়েছে অনূর্ধ্ব-১৭ দল এবং মেয়েদের জাতীয় ক্রিকেট দল।
বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য ৪ অক্টোবর ভারত সফরে যাচ্ছে মেয়েদের ক্রিকেট দল। সেখান থেকে তারা শ্রীলঙ্কা সফরে যাবে।
সফরের আগে জাতীয় ক্রিকেট একাডেমির 'সেন্টার' উইকেটে অনুশীলন করতে চান দলের কোচ মমতা মাবেন। কিন্তু ব্যস্ত সূচীর সঙ্গে তাল মেলাতে না পারায় সেন্টার উইকেটে সেভাবে অনুশীলন করতে পারছে না তার দল।
একাডেমি মাঠের প্রধান দাবিদার জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি। তাদের পাশাপাশি বাংলাদেশ 'এ' দলও সেখানে অনুশীলন করে।
অক্টোবরে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের কলকাতা সফরের কথা রয়েছে। তার আগে মাঠ সংকটের কারণে ব্যাহত হচ্ছে তাদের প্রস্তুতিও।
কোথাও মাঠ মিলছে না। তাই শনিবার সারাদিন মাঠ দখলে রাখলো অনূর্ধ্ব-১৭ দলই। মেয়েদের কোচ মমতা মাবেন একবার অনূর্ধ্ব-১৭ দলের কোচ মিজানুর রহমান ও আরেকবার একাডেমির কোচ রস টার্নারের কাছে ছুটছেন, বিদেশ সফরের আগে সেন্টার উইকেট চান তিনি।
বাংলাদেশের বোলিং ও ফিল্ডিংকে আন্তর্জাতিক মানের মনে করেন মমতা। তবে ব্যাটিং নিয়ে তার দুশ্চিন্তা রয়েছে। সেন্টার উইকেটে বেশি অনুশীলন করে ব্যাটিংটা আরো একটু ঝালিয়ে নিতে চান তিনি।
এদিকে ১২ নভেম্বর কলকাতা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ফিরতি সফরে ৩টি একদিনের ও ৩টি দুইদিনের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। তবে বাংলাদেশ ৩টি দুই দিনের ম্যাচের পরিবর্তে দুটি তিনদিনের ম্যাচ খেলতে চায়।
অনূর্ধ্ব-১৭ দলের কোচ মিজানুর রহমান বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুযোগ যা পাচ্ছি তা কাজে লাগিয়ে প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে ২০ জনের ক্যাম্প চলছে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৫ অক্টোবর পর্যন্ত।"
"১৫ অক্টোবর চূড়ান্ত দল গঠন করা হতে পারে। সেসময় অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯১৩ ঘ.
bdnews24