২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীয়মান ক্রিকেটার মুমিনুল

বয়স সবে কুড়ি পেরিয়েছে, এরই মধ্যে বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে তুলেছেন জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের উপরের সারির ব্যাটসম্যান মুমিনুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বয়স সবে কুড়ি পেরিয়েছে, এরই মধ্যে বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে তুলেছেন জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের উপরের সারির ব্যাটসম্যান মুমিনুল হক। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়ার হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে জুলাইয়ে একাডেমি দলে ডাক পান মুমিনুল। একাডেমি দলের হয়ে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমির বিপক্ষে শতক হাঁকিয়ে নিজের প্রতিভার প্রমাণও দেন তিনি। বাংলাদেশ লাল দলের বিপক্ষে বাংলাদেশ সবুজ দলের হয়ে চার দিনের প্রস্তুতি ম্যাচে ৭২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলে আবারো আসেন পাদপ্রদীপের আলোয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুমিনুল বলেন, "কঠোর পরিশ্রম ও ভালো অনুশীলনের ফলেই বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে উঠেছে। কঠোর অনুশীলনের পর অপেক্ষাকৃত সহজ পরিস্থিতিতে খেলতে হলে সাহস এমনিতেই বেড়ে যায়।" কক্সবাজার থেকে তার জাতীয় পর্যায়ে উঠে আসার পেছনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অবদান সবচেয়ে বেশি বলেই মনে করেন মুমিনুল। ২০০৪ সালে বিকেএসপিতে ভর্তি হন। ছিলেন ছয় বছর। মুমিনুল বলেন, "আমার এতদূর আসার পেছনে মূল অবদান বিকেএসপির। কক্সবাজারে থাকলে ক্রিকেট খেলা সম্ভব হতো না। সেখানে বলতে গেলে ক্রিকেট হয়ই না।" শুধু বিকেএসপি নয়, পরিবার থেকেও অনেক উৎসাহ পেয়েছেন মমিনুল। ২০০৯ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ খেলেন তিনি। প্রিমিয়ার লিগের গত আসরে ভিক্টোরিয়ার হয়ে লিগের দ্বিতীয় সর্বোচ্চ ৫৪৪ রান করেন তিনি। শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদের বিপক্ষে খেলা ৭২ রানের ইনিংস ভবিষ্যতে জন্য বড় পাথেয় হবে বলে মনে করছেন মুমিনুল। তিনি বলেন, "প্রতিপক্ষে সবাই ছিলেন অভিজ্ঞ ও আন্তর্জাতিক ক্রিকেটার। তাদের বিপক্ষে এমন একটা ইনিংস খেলতে পারার অনুভূতি দারুণ।" বিকেএসপির ছয় বছর তাকে অনেক পরিণত করেছে বলে জানান মুমিনুল। সেখানে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে দেখে পেয়েছেন আরো বড় অনুপ্রেরণা। তিনি বলেন, "বিকেএসপিতে সারা বছর অনুশীলন করতাম। রুটিন মেনে সকালে দুই ঘন্টা ও বিকেলে তিন ঘন্টার মতো অনুশীলন করতে হত। সে সময় সাকিব ভাই, মুশফিক ভাইদের দেখে উৎসাহ আরো বেড়েছে।" জাতীয় ক্রিকেট একাডেমিতে দেখতে দেখতে কেটে গেছে ছয় মাস। এখানে আসার পর নিজের আরো উন্নতি হয়েছে বলে মনে করছেন তিনি। "একাডেমিতে দিনের বেশির ভাগ সময় কাটে অনুশীলন করে। মানসিকভাবে আরো দৃঢ় করে গড়ে তোলার জন্যই এই আয়োজন। ক্রিকেটের পাশাপাশি মিডিয়া সামলানো থেকে শুরু করে এখানে অনেক বিষয়েই শেখানো হচ্ছে," জানান মুমিনুল। দেশের বাইরে মাইকেল ক্লার্ক আর দেশে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের খেলা ভালো লাগে তার। খেলতে চান তাদের মতো করে। সেই সঙ্গে চান নিজের জেলা কক্সবাজারের জন্য কিছু করতে। এ ব্যাপারে বলেন, "সময় হলে কক্সবাজারের জন্য কিছু করার পরিকল্পনা রয়েছে। আমি যা পাইনি, তা যেন অন্যরা পায় তা নিশ্চিত করতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৪৮ ঘ.