২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা যেতে দেয়া হলো না মালিককে

প্রবীণদের একটি ক্রিকেট দলের সঙ্গে আজীবনের জন্য নিষিদ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিককে শ্রীলঙ্কা সফরে যেতে দেয়নি সে দেশের ক্রিকেট কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবীণদের একটি ক্রিকেট দলের সঙ্গে আজীবনের জন্য নিষিদ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিককে শ্রীলঙ্কা সফরে যেতে দেয়নি সে দেশের ক্রিকেট কর্তৃপক্ষ। পাকিস্তানের প্রবীণ খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দলটি শ্রীলঙ্কা সফরে যায় ৩০ সেপ্টেম্বর। ৭ অক্টোবর পর্যন্ত চলা এই সফরে শ্রীলঙ্কার প্রবীণ খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি দলের চারটি একদিনের ম্যাচ খেলবেন পাকিস্তানিরা। মালিককে দলে নেয়া হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক ইন্তিখাব আলমের নির্দেশে তাকে বাদ দেয়া হয় বলে দেশটির প্রবীণ ক্রিকেটারদের সমিতির (পিভিসিএ) সভাপতি ফাওয়াদ ইজাজ জানান। তিনি বলেন, "সেলিম মালিক খেলার ছাড়পত্র পেয়েছেন বলে মনে করে তাকে আমরা দলে নিয়েছি। কিন্তু ইন্তিখাব আমাদের জানান যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে এখনো ছাড়পত্র দেয়নি। তাই তাকে দল থেকে বাদ দেয়া হয়।" মালিককে আজীবন নিষিদ্ধ করা হয় ২০০০ সালে। তার বিরুদ্ধে অভিযোগ ১৯৯৪ সালে পাকিস্তান সফরের সময় অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার শেন ওয়ার্ন, টিম মে ও মার্ক ওয়াহকে অর্থের বিনিময়ে খারাপ খেলতে বলেছিলেন তিনি। ম্যাচ পাতানোর দায়ে আরেক আজীবন নিষিদ্ধ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার প্রয়াত অধিনায়ক হান্সি ক্রনিয়েও মালিককে অপরাধী চিহ্নিত করেন। পিসিবি ২০০৮ সালে মালিককে জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। কিন্তু আইসিসির আপত্তির মুখে বোর্ড তার নিয়োগ বাতিল করতে বাধ্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০৭ ঘ.