ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের আগে ইংল্যান্ডের ক্রিকেট সূচী খুবই হাস্যকর বলে মনে করেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার তিন দিন পরই উপমহাদেশের বিশ্বকাপের উদ্দেশে রওনা হবে ইংল্যান্ড। গত অক্টোবর থেকে অস্ট্রেলিয়াতে অবস্থান করছে ইংল্যান্ড শিবির।
এত চাপের কারণেই হয়তো পিটারসেনের মনে ক্ষোভ দানা বেঁধেছে। তাই তিনি বলেন, "বিশ্বকাপের আগের সূচীটা খুবই হাস্যকর। ইংল্যান্ডের ক্রিকেট সূচীতে সবসময় এমনটাই হয়। বিশ্বকাপে ইংল্যান্ডে ভালো না করার পেছনে এটাই হয়তো বড় কারণ।"
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কেও এক হাত দেখিয়ে দিয়েছেন স্টাইলিশ ইংলিশ ব্যাটসম্যান পিটারসেন। বিশ্বকাপে একটি ম্যাচ খেলার ছয়দিন পর আরেকটা ম্যাচ খেলবে ইংল্যান্ড। বিষয়টি খুবই হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, "যাই হোক, এটা বিশ্বকাপ। নিশ্চয় আমরা কসাই হিসেবে ওখানে যাচ্ছি না। আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই।"
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশ প্রবল বলেই মনে হচ্ছে আইপিএলে বেশ চড়া দামে বিকানো পিটারসেনের। শেষ দু'বছরে খেলা দশটি একদিনের সিরিজের নয়টি জিতেছে ইংল্যান্ড। গতবছর ঘরে তুলেছে আইসিসি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ। দলের সব বিভাগেই উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি, "ব্যাটসম্যানদের উন্নতি হয়েছে। ফিল্ডিংয়ে দল এখন শীর্ষে আছে এবং খেলোয়াড়দের ক্যাচ ধরার ক্ষমতাও অসাধারণ। বোলাররাও এখন অনেক দক্ষ। সব মিলিয়ে আমরা বেশ শক্তিশালী একটি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এনআই/২০০৭
bdnews24