২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ অনেক দূর যাবে: রাজ্জাক

এবারের বিশ্বকাপে বাংলাদেশ অনেক দূর যাবে- এমনই প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ম্যাচ উইনার বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের বিশ্বকাপে বাংলাদেশ অনেক দূর যাবে- এমনই প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ম্যাচ উইনার বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন শুরুর আগে রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। যে সব সুযোগ-সুবিধা আছে, সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করছি আমরা।" ফ্লাড লাইটের আলোয় 'সেন্টার উইকেটে' এই অনুশীলন বাংলাদেশ দলের জন্য খুবই কাজে লাগবে বলেও মন্তব্য করেন তিনি। রাজ্জাকের মতে, "এটা বিশ্বকাপে বাংলাদেশকে এগিয়ে রাখবে।" অবশ্য গত বিশ্বকাপের বাংলাদেশ দলের সঙ্গে এবারের দলের তুলনা করতে বললে ঝানু কূটনীতিকের মতোই জবাব দেন এই স্পিনার। রাজ্জাক বলেন, "গত আসরের দলটি ওই পরিবেশ ও সময়ের সেরা দল ছিলো। আর এবারের দলটিও এখনকার সময় ও পরিবেশের জন্য সেরা।" তবে বাংলাদেশের ক্রিকেট যেহেতু 'এগোচ্ছে', সে হিসেবে এখনকার দলটিকেই 'একটু এগিয়ে' রাখছেন রাজ্জাক। দলে রাজ্জাক ও সাকিবের মতো ম্যাচ উইনার থাকলেও জয়ের জন্য বাংলাদেশ নির্দিষ্ট কারো দিকে তাকিয়ে থাকে না বলেও দাবি করেন তিনি। রাজ্জাক বলেন, "দলের সব খেলোয়াড়েরই নির্দিষ্ট কাজ ও দায়িত্ব আছে। প্রত্যেকেই নিজের সেরাটা ঢেলে দিতে চেষ্টা করবে। অন্য সবার মতো আমিও চেষ্টা করবো- নিজের সেরা খেলাটা খেলতে।" বিশ্বকাপের প্রথম ম্যাচের ফল নিয়ে সরাসরি কিছু না বলে তিনি জানালেন- বাংলাদেশ লড়বে। রাজ্জাকের ভাষায়, "ভারত খুবই ভালো দল। তবে তাদের বিপক্ষে যে কোনো ফলই আসতে পারে। আমরা ভালো ফলের জন্য সর্বোচ্চ লড়াই করবো।" তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ কতদূর যাবে- রাজ্জাকের মতে সেটা বলা 'বেশ শক্ত'। "হতে পারে সেমিফাইনাল কিংবা ফাইনাল। আবার কোয়োর্টারেও ঝরে যেতে পারি। এটা সময়ই বলে দেবে," যোগ করলেন তিনি। অবশ্য সব কিছুই সময়ের হাতে ছেড়ে দিচ্ছেন না বাংলাদেশ দলের স্পিন ভরসা রাজ্জাক। ভালো করার জন্য পুরো দলের সঙ্গে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি অ হ ম মোস্তফা কামাল এবং তিন নির্বাচক রোববার মাঠে এসে অনুশীলন দেখেন। সোমবারও একই মাঠে অনুশীলন চলবে। তারপর মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে সাকিব বাহিনীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/জেকে/২০২১ ঘ.