২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে সমতা ফেরালো পাকিস্তান

উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের শতকের সুবাদে তৃতীয় একদিনের খেলায় নিউজিল্যান্ডকে ৪৩ রানে হারিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের শতকের সুবাদে তৃতীয় একদিনের খেলায় নিউজিল্যান্ডকে ৪৩ রানে হারিয়েছে পাকিস্তান। এ জয়ের ফলে ৬ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরলো। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৩ রান করে পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ২৫০ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে দিবারাত্রির ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন হাফিজ। যদিও অন্য প্রান্তে সেভাবে সহায়তা পাচ্ছিলেন না তিনি। ইউনুস খান ১২ ও মিজবাহ উল হক ৩৫ রান করে সাজঘরে ফিরলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৫০/৪। এরপর উমর আকমলের ২৯ বলে ৪৪ ও অধিনায়ক শহিদ আফ্রিদির ২৫ বলে ৬৫ রানের সুবাদে বড় ২৯৩ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। এর আগে অবশ্য একদিনের ক্রিকেটে নিজের প্রথম শতক তুলে নেন হাফিজ। ১৪৪ বলে খেলা তার ১১৫ রানের ইনিংসে চার ছিলো ১২টি। আর ছক্কা ২টি। নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন কাইল মিলস, টিম সুথি ও হামিশ বেনেট। জয়ের জন্য ২৯৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। বড় কোনো জুটি গড়ে তুলতে পারেনি কেউই। ৯ জন ব্যাটসম্যান দু'অঙ্কের কোঠায় পৌঁছলেও অর্ধশতক করতে পারেননি কেউ। স্টাইরিসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৬ রান। এছাড়া কেন উইলিয়ামসন ৪২ ও মার্টিন গুপটিল ৩৯ রানে সাজঘরে ফেরেন। পাকিস্তানের পক্ষে সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ ও উমর গুল ২টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৩০ ঘ.