২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে সভা

বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিএমপি কমিশনার আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ, র‌্যাব, ট্রাফিক বিভাগ, ওয়াসা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), কোস্ট গার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় বিশ্বকাপকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম ও বিভিন্ন হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, খেলোয়াড় ও কর্মকর্তাদের জরুরি চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন ও অগ্নি দুর্ঘটনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়। সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, উপ- কমিশনার (ডিসি, সদর) ময়নুল ইসলাম, (ডিসি, বন্দর) কুসুম দেওয়ান, (ডিসি, উত্তর) আমেনা বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া ওয়াসার সচিব নন্দদুলাল বনিক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহম্মদ, জিএম (কর্ণফুলী গ্যাস-মার্কেটিং) জনাব সামসুর রহমান খান, কেজিডিসিএল'র ডিজিএম দিবাকর সেন, বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুসা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৪৬ ঘ.