ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে অভূতপূর্ব সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পুরস্কারের চেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় ক্রীড়া পরিষদের অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার পুরস্কারের চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ও দেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে তিন লাখ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন।
অনুষ্ঠানে আহাদ আলী সরকার বলেন, "পুরো দেশ ক্রিকেট বীরদের দিকে তাকিয়ে আছে। বিশ্বকাপে টাইগারদের কাছ থেকে এমন আরও সাফল্য দেখতে চাই আমরা।"
বিসিবি সভাপতি বলেন, "বিশ্বকাপ আমাদের ক্রিকেটের মোড় ঘুড়িয়ে দেবে। বাংলাদেশ এখন ত্রিকেটের একটি সমীহ জাগানো শক্তি।"
জাহিদ আহসান রাসেল বলেন, ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য আসছে। দর্শকদের প্রত্যাশাও দিনদিন বাড়ছে। ক্রিকেটাররা বিশ্বকাপকে সামনে রেখে কঠোর পরিশ্রম করছে। নতুন একটি উদযাপনের অপেক্ষায় আছে জাতি।
জাতীয় দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল বলেন, "বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দল কঠোর অনুশীলন করছে। দলের প্রতি সবার প্রত্যাশার কথা আমাদের জানা। আমরাও বিশ্বকাপে দেশকে একটা দারুন সাফল্য এনে দিয়ে আবারো এ ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত হতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এইচএ/২০৫৫ ঘ.
bdnews24