ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারলেও ভারতের অর্জন কম নয় বলে মনে করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, শেষের দিকে বোলারদের বোলিং ও ইউসুফ পাঠানের আক্রমণাত্মক ব্যাটিং সবচেয়ে বড় অর্জন।
পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হার মানলেও ধোনি বলছেন, "শেষের দিকে বোলারদের 'ভ্যারিয়েশন' ছিল চমৎকার। আমারদের বোলারদের মধ্যে কেউ গতির রাজা নন। কিন্তু তারা বল করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।"
বোলারদের এই বোলিংকে সন্তোষজনক বলে মনে করেন ভারত অধিনায়ক। তিনি বলেন, "বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় তারা এভাবে বল করলে আমি সত্যিই খুশি হবো।"
ইউসুফ পাঠানের ৬৮ বলের শতকে খুবই খুশি ধোনি। ইউসুফের বর্তমান খেলার ধারার পাশাপাশি দলে আরো কয়েকজন মারকুটে ব্যাটসম্যান থাকায় ধোনির আস্থা অনেক বেড়ে গেছে বলে জানান। তিনি বলেন, "বিশ্বকাপের আগে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এখন আমরা জানি হাতে উইকেট থাকলে শেষ দশ ওভারে জয়ের যে কোনো লক্ষ্যই আমরা তাড়া করতে পারবো।" ধোনি মনে করেন খেলায় হারের চেয়ে এটা অনেক বেশি অর্জন।
টস জিতেও ব্যাটিং নেয়ার পক্ষে সাফাই গান ধোনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "গত সফরে আমরা বুঝে গেছি যে সেঞ্চুরিয়নের উইকেট প্রথম দিকে বোলারদেরই সহায়তা করে থাকে বেশি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা সঠিক বলেও প্রতীয়মান হয়ে ওঠে। সহজ হয়ে ওঠে ব্যাট করা।" ২০০৬ সালের সিরিজেও এমটা ঘটেছিল বলে তিনি জানান। বলেন, উইকেটটি তখনকার মতোই রয়ে গেছে।
তবে ব্যাটসম্যানদের খেলা নিয়ে ধোনির গলায় ছিল কিছুটা হতাশারই সুর, "পুরো সিরিজেই আমাদের ব্যাটসম্যানরা বোর্ডে বড় কোনো রান জমা করতে পারেননি। শুরুতে বিরাট কোহলি ভালো করেছেন। শেষের দিকে ইউসুফের ব্যাটিং তো আপনারাই দেখেছেন। তবে আমাদের একটা দল হিসেবে খেলা দরকার।"
তবে ধোনি আশা করছেন, তার ব্যাটসম্যানরা বিশ্বকাপে তাদের নামের প্রতি সুবিচার করে খেলতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১১ ঘ.
bdnews24