২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে অস্ট্রেলিয়া

ব্র্যাড হ্যাডিন ও ডেভিড হাসির জোড়া অর্ধ-শতকের সুবাদে অস্ট্রেলিয়া ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্র্যাড হ্যাডিন ও ডেভিড হাসির জোড়া অর্ধ-শতকের সুবাদে অস্ট্রেলিয়া ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এর ফলে সাত ম্যাচের কমনওয়েলথ ব্যাংক সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ফলে সিরিজ জেতার জন্য আর একটি ম্যাচ জিততে হবে দলটিকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করতে গিয়ে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ২১৫ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের পালা গুটিয়ে যায় ৪৮ ওভারে ২১৪ রানে। যদিও খেলাটি ছিল ৫০ ওভারের। ব্যাট করতে নেমেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ১০০ রানের মধ্যে সাজঘরে ফিরে যান প্রথম ও মধ্যম দিকের পাঁচ ব্যাটসম্যান। তাদের মধ্যে কেবল হ্যাডিন আদায় করে নেন অর্ধ-শতক। পঞ্চম ব্যাটসম্যান বিদায় নেয়ার আগে রান করেন ৫৪। তার ৫৯ বলের ইনিংসে চার রয়েছে ৭টি ও ছক্কা একটি। মূলত এরপরই খেলার পাল্লা হেলে যায় অস্ট্রেলিয়া দিকে। হ্যাডিন যেখানে শেষ করেন সেখান থেকে শুরু করেন হাসি। ৬৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। এর আগে অবশ্য স্টিভেন স্মিথের (২৬) সঙ্গে ৬৩ রানে জুটি গড়ে তোলেন তিনি। শেষ পর্যন্ত অন্য প্রান্তে ১৮ রানে অপরাজিত থাকেন জন হেস্টিংস। ইংল্যান্ডের পক্ষে দু'টি করে উইকেট নেন ক্রিস ট্রেমলেট ও পল কলিংউড। এজন্য কলিংউড দেন ২৫ রান। ট্রেমলেট ৫০। এর আগে রোববার দিন-রাতের খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কিন্তু ৬১ রানের মধ্যে প্রথম সারির তিন ব্যাটসম্যান ম্যাট প্রায়র (০), অ্যান্ড্রু স্ট্রাউস (২৩) ও ইয়ান বেলকে (১০) হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। এ অবস্থায় জনাথন ট্রট হাল ধরেন। ইয়ন মর্গানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে দলের সঙ্গে তারা ৫৭ রান যোগ করেন। আর সপ্তম উইকেট জুটিতে লিউক রাইটকে নিয়ে ট্রট যোগ করেন আরো ৪৯। এছাড়া আর বড় কোনো জুটি গড়ে ওঠেনি। উল্লেখ করার মতো রানও করতে পারেননি কেউ। একপ্রান্ত আগলে রেখে ট্রট কেবল সতীর্থদের আসা-যাওয়া দেখেন। শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত থাকেন তিনি। ট্রট তার ১১৯ বলের ইনিংনটি সাজান ৩টি চার দিয়ে। ব্রেট লি ৩ উইকেট নেন ২৭ রানে। ৩৭ রানে জাভিয়ের ডোয়ার্টি নেন ২টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮০৮ ঘ.