২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয়

ওয়েলিংটনে একদিনের সিরিজের প্রথম খেলায় পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 10:07 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েলিংটনে একদিনের সিরিজের প্রথম খেলায় পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে ছয় ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা। ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি। খেলেছে ৩৭ ওভার ৩ বল। জবাবে জেসি রাইডারের অর্ধশতকের ওপর ভর করে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১২৫ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। তখনও হাতে ছিলো ১৯৬ বল। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের মারাত্মক বোলিংয়ে মুখে ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। মিসবাহ উল হক এক প্রান্ত আগলে রেখে খেলে যেতে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউই। শেষ পর্যন্ত ৮৮ বলে ৫০ রান করে সাজঘরে ফিরে যান মিসবাহ। এছাড়া ইউনুস খান ২৪ ও অধিনায়ক শহীদ আফ্রিদি ১৫ রান করেন। ক্যারিয়ার সেরা বোলিং করেন টিম সুথি। তিনি ৫ উইকেট নেন ৩৩ রানে। এছাড়া হামিশ বেনেট ৩টি ও জ্যাকোব ওরাম ২ উইকেট নেন। এজন্য হামিশ দেন ২৬ রান। ওরাম দেন ৩৩। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল ও জেসি রাইডার। দু'জনে মিলে ৮৪ রানের জুটি গড়ে তোলেন। রাইডার ৩৪ বলে ৫৫ রান করে সোহেল তানভীরের শিকারে পরিণত হন। তবে দলের জয় নিয়ে ফেরেন গুপটিল (৪০) ও রস টেলর (২৩)। ম্যাচ সেরা হয়েছেন টিম সুথি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫০ ঘ.