ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে মাশরাফি বিন মর্তুজা ও অলোক কাপালির বাদ পড়া মেনে নিতে পারছেন না ক্রিকেট-ভক্তদের বড় একটা বড় অংশ। তারা মনে করেন, বিশেষ করে মাশরাফি দলে না থাকায় বাংলাদেশের ভালো করার সম্ভাবনা কমে গেছে অনেকাংশে।
ঘোষণার পর থেকে অধিকাংশ আড্ডায় আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ দল ও মাশরাফির বাদ পড়া। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চার তরুণের আড্ডার বিষয়ও ছিল তাই। "মাশরাফি সম্পূর্ণ সুস্থ না হলে তো দলে থাকবেনই না। কিন্তু এতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা কমে গেল ৭০ শতাংশ," যেন রায় দিয়ে দিলেন আড্ডার মধ্যমণি শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
ব্যাংকে চাকরি করেন মোহাম্মদ শরীফ। বনানীতে মোটর সাইকেল দুর্ঘটনায় কিছুটা আহত হলেও বাংলাদেশ দল নিয়ে মেতে ছিলেন তুমুল বিতর্কে। এক পর্যায়ে বলেই বসলেন, "মাশরাফি না থাকায় বড় ক্ষতি হয়ে গেল আমাদের।" কাপালিকেও দলে নেয়া দরকার ছিল বলে মনে করেন তিনি।
"ভারতকে যতবার আমরা হারিয়েছি ততবারই মাশরাফি ভালো খেলেছেন। কিন্তু এবার যে কি হবে?" প্রশ্ন ও শঙ্কা দু'টোই ঝরে পড়লো আরেক ব্যাংকার আবু নাসের ফয়সালের গলা থেকে। আসলে গত বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ভারতকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়ার পুনরাবৃত্তি দেখতে চান তারা।
আড্ডার আরেক আলোচক ফজলুল কবীর নেলসন এই দলটিকে সেরা মানতে নারাজ। তিনি সাফ জানিয়ে দিলেন, "মাশরাফি ও কাপালি দলে থাকলে প্রধান নির্বাচক রফিকুল আলমের বক্তব্য মেনে নিতে পারতাম।"
ব্যাংকার বিশ্বজিৎ কুমার দে প্রশ্ন তুললেন, সোহরাওয়ার্দী শুভকে দলে নেয়ার ব্যাপারে। তার মতে, দেশের মাটিতে দু'টি সিরিজ খেললেও মাত্র একটি খেলায় বলার মতো বল করেছেন শুভ। ব্যাট হাতেও খুব একটা সফল নন তিনি।
মজার ব্যাপার, ব্যাংকে চাকরি করলেও শেয়ার বাজারের দর পতন নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই তাদের। ক্রিকেট দল নিয়েই মেতে আছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/এনআই/২০০৩ ঘ.
bdnews24