২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি পেয়েই বাড়ির দিকে ছুটছেন ক্রিকেটাররা

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণার পরদিন বৃহস্পতিবার থেকে ছয়দিনের ছুটি দেয়া হয়েছে বিশ্বকাপ দলের ক্রিকেটারদের। আর ছুটি পেয়েই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে বাড়ির দিকে ছুটছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণার পরদিন বৃহস্পতিবার থেকে ছয়দিনের ছুটি দেয়া হয়েছে বিশ্বকাপ দলের ক্রিকেটারদের। আর ছুটি পেয়েই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে বাড়ির দিকে ছুটছেন তারা। গত ৯ জানুয়ারি থেকে ২৩ জনের দল জিপি-বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করে আসছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, "২৬ জানুয়ারি থেকে আবার অনুশীলন শুরু করবে বিশ্বকাপ দল।" এদিকে ছুটি পেয়েই বাড়ির দিকে ছুটেছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে কঠোর অনুশীলনের আগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে চান সবাই। বাংলাদেশের বোলিং কোচ ইয়ান পন্ট আগেই আভাস দিয়েছিলেন, ১৫ সদস্যের দল ঘোষণার পর ক্রিকেটারদের নিয়ে কঠোর অনুশীলন করা হবে। চূড়ান্ত দল ঘোষণা করায় ইস্পাহানি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার সিক্স পর্বে অংশ নিতে পারছেন না বিশ্বকাপ দলের ১৫ সদস্য। দলের ম্যানেজার তানজীব আহসান সাদ বলেন, "সুপার সিক্স পর্বে বিশ্বকাপ দলের কোনো খেলোয়াড় খেলতে পারবেন না। তবে প্রাথমিক ৩০ জনের দলের বাকি ১৫ ক্রিকেটার খেলার সুযোগ পাবেন।" সাকিব আল হাসানদের বিশ্বকাপের প্রস্তুতির সব খরচ ৮ ফেব্র"য়ারি পর্যন্ত বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ ফেব্র"য়ারি থেকে সাকিবদের দায়িত্ব নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৯১৯ ঘ.