ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ফিরেছেন ব্যাটসম্যান রামনরেশ সারোয়ান। যদিও গত বছরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে বাদ পড়েন তিনি।
দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আন্দ্রে রাসেল। একদিনের খেলায় এখনো মাঠে নামার সুযোগ পাননি তিনি।
সারোয়ান সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন দেশের মাটিতে গত বছর মে ও জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপরই দল থেকে বাদ পড়েন তিনি খেলার মতো সুস্থ না থাকায়। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলতে পারছিলেন না তিনি।
দলের লাগাম থাকছে ডারেন সামির হাতে। গত বছর ক্রিস গেইলের কাছ থেকে দলের নেতৃত্ব নেন তিনি।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ১৫ জনের দলে রায়েছেন বাঁ-হাতি নিকিতা মিলার ও সুলেইমান বেন। পেস আক্রমণে থাকছেন রাসেল, কেমার রোচ ও রবি রামপল। উইকেটরক্ষক হিসেবে দিনেশ রামদিনের বদলে নেয়া হয়েছে কার্লটন বগকে।
২০০৮ সালের নভেম্বরের পর থেকে একদিনের কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি বগ। কিন্তু শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে অর্ধ-শতক হাঁকিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি।
দল: ডারেন সামি (অধিনায়ক), ক্রিস গেইল, ডোয়ান ব্রাভো, ডারেন ব্রাভো, কিয়েরন পোলার্ড, রামনরেশ সারোয়ান, ডেভন স্মিথ, সুলেইমান বেন, নিকিতা মিলার, কার্লটন বগ (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, রবি রামপল, কেমার রোচ, শিবনারয়ন চন্দরপল ও অ্যাড্রিয়ান বারাথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০০ ঘ.
bdnews24