ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের সেরা পেসার মাশরাফি বিন মর্তুজার বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনো রয়েছে বলে মনে করেন বাংলাদেশের প্রধান নির্বাচক রফিকুল আলম। অথচ খেলার মতো পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা তার নেই বলেও জানান তিনি।
গ্রামীণফোন-বিসিবি একাডেমি ভবনে সাংবাদকিদের এক প্রশ্নের জবাবে রফিকুল বলেন, "মাশরাফির বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সুস্থ হয়ে ওঠার জন্য এখনো ৩০ দিন সময় পাচ্ছেন তিনি।" কিভাবে মাশরাফি খেলতে পারবেন তার ব্যাখ্যা অবশ্য তিনি দেননি।
মাশরাফিকে বাইরে রেখে দল ঘোষণা করলেও তার প্রশংসা করেন রফিকুল। তিনি বলেন, "মাশরাফি দেশের সবচেয়ে অভিজ্ঞ বোলার। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যও বটে। কোনো ধরনের সুযোগ থাকলে তিনি অবশ্যই বিশ্বকাপ খেলতে পারবেন।"
মাশরাফির সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বলে জানালেও তিনি বলেন, "ধীরে ধীরে তার চোটের উন্নতি হচ্ছে। ফেব্র"য়ারির মাঝামাঝি সময় থেকে হয়তো তিনি পুরোদমে বল করতে পারবেন।"
দলে না নেয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, এই মুহূর্তে তিনি সুস্থতার কাক্সিক্ষত মাত্রার ধারে কাছেও নেই। অন্যদের চেয়ে তার চোট একটু অন্য রকমের।
সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় মাশরাফিকে নিয়ে কথা-বার্তা হলেও অলোক কাপালি, সোহরাওয়ার্দী শুভ ও মোহাম্মদ আশরাফুলকে নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
তিন বাঁ-হাতি স্পিনারের মধ্যে শুভকে না নিয়ে অলোক কাপালিকে নিলে দলে ব্যাটিং গভীরতা আরো বাড়তো কি না? এই প্রশ্নের জবাবে রফিকুল বলেন, "কাপালিকে নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে। কিন্তু গত দু'বছর তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এছাড়া পুরো দশ ওভার বলও তিনি করছেন না। অন্যদিকে শুভ শেষ দু'টি সিরিজে ভালো খেলেছেন।"
আশরাফুলকে দলে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, "তিনি সবসময়ই আমাদের পরিকল্পনায় ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে বাজে সময় কাটলেও আশরাফুল দলে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই। তিনি এমন একজন ব্যাটসম্যান, যিনি যখন-তখন বিপক্ষ দলের বোলিং তছনছ করে দিতে পারেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৮১০ ঘ.
bdnews24