২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবধান গড়ে দিয়েছেন রাজু: সুজন

মোহামেডানকে ১০ উইকেটে হারনোর পর দলের বোলারদের বিশেষ করে, উদ্বোধনী বোলার আবুল হাসান রাজুর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহামেডানকে ১০ উইকেটে হারনোর পর দলের বোলারদের বিশেষ করে, উদ্বোধনী বোলার আবুল হাসান রাজুর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, "রাজুর প্রথম 'স্পেলই' ব্যবধান গড়ে দিয়েছে।" খেলা শেষে খালেদ মাসুদ সাংবাদিকদের বলেন, উইকেট ছিল মূলত ব্যাটসম্যানদেরই বন্ধু। কিন্তু রাজুর গতির সঙ্গে পেরে ওঠেনি ওরা। রাজুর বলের গতি কিছুটা হলেও বেড়েছে বলে জানিয়ে তিনি বলেন, গতির পাশাপাশি ব্যাটসম্যানদের ধোঁকা দেয়ার জন্য ধীর গতির চমৎকার বলও করেছেন তিনি। লিগে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আবাহনী। দলের কোচ বাংলাদেশের সাবেক অধিনায়ক জয়কে দেখছেন দলীয় প্রচেষ্টা হিসেবে। তিনি বলেন, "আমার দল মৌসুমের শুরু থেকেই ভালো খেলে আসছে। কিন্তু এতোদিন বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং, এই তিন বিভাগে জ্বলে উঠতে পারেনি। কিন্তু চাপের খেলায় জ্বলে উঠলেন তারা। তাই জয়ও এলো খুব সহজে।" সুপার লিগের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের অভাব অনুভব করবেন সুজন। বিশেষ করে, রিয়াদের অধিনায়কত্বের বলেন তিনি। বলেন, সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়ার সামর্থ্য তার আছে। তবে পাভেল, হান্নান সরকারের মতো ক্রিকেটার দলে থাকায় খুব একটা সমস্যা হবে বলে মনে করছেন না কোচ। মোহামেডানের বিপক্ষে একপেশে জয় পেয়ে দারুণ খুশি রিয়াদ। তিনি বলেন, "জোর প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম। ওরা এতোটা খারাপ খেলবে ধারণাও করতে পারিনি।" বোলাররা খুব ভালো বোল করেছেন। আর ওরা বেশ কিছু বাজে শট খেলেছেন বলে মনে করেন অধিনায়ক। মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানও স্বীকার করেন উইকেট ছিল ব্যাটিং সহায়ক। তিনি বলেন, "প্রস্তুতি নিয়েও কোনো ঘাটতি ছিলো না। আসলে একটা বাজে দিন কেটেছে আমাদের।" প্রায় একই কথা বলেন তামিম ইকবালও। এর আগে সব খেলায় বড় রান করার পর একটা বাজে দিন যেতেই পারে বলে জানান তিনি। তবে এ হারের পরও শিরোপা জেতার সম্ভাবনা দেখছেন সাকিব। কিন্তু এজন্য আছে অনেক হিসেব-নিকেশ। ৩ পয়েন্টে পিছিয়ে থাকায় বাকি সব খেলাতেই জিততে হবে মোহামেডানকে। সেই সঙ্গে আবাহনীকে হারতে হবে অন্তত দু'টি খেলায়। এ প্রসঙ্গে তিনি বলেন, "সুপার লিগে সব দলই শক্তিশালী। তারপরও জিততে হবে সব খেলায়।" সুপার লিগের খেলার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। কোচ ও অধিনায়কের প্রশংসায় রীতিমতো ভাসছেন রাজু। তিনি তার সাফল্যকে দেখছেন কঠোর পরিশ্রমের ফল হিসেবে। রাজু বলেন, "মোহামেডানের ব্যাটসম্যানদের নিয়ে আমার বিশেষ কোনো পরিকল্পনা ছিলো না। তবে সব সময় সঠিক জায়গায় বল ফেলতে চেয়েছিলাম।" দ্বিতীয় বিভাগ থেকে রাজুকে আবিস্কার করেন সুজনই। এজন্য সুজনকে সম্মান জানাতে ভোলেননি রাজু। বলেন, "আমাকে নিয়ে যথেষ্ট পরিশ্রম করেছেন তিনি। আজ (রোববার) তার ফল পেলাম।" জাতীয় দলে খেলতে চান রাজু। এজন্য কঠোর পরিশ্রম করতেও রাজি তিনি। হ্যাট্রিক-বলে সামনে পেয়েছিলেন সাকিবকে। তাকে অফ-স্ট্যাম্পের বাইরে বল দেয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পারেননি। তবে পরের বলেই পরিকল্পনা সফল তার। সাজঘরে ফেরেন সাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৭৪৯ ঘ.