ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে জায়গা না পেলেও দলের শুভ কামনা করেছেন চামিন্দা ভাস। তিনি আশা করছেন দলের সদস্যরা বিশ্বকাপ দেশে ফিরিয়ে আনবেন।
শ্রীলঙ্কার ৩০ জনের বিশ্বকাপ দলে ছিলেন ৩৬ বছর বয়সী ভাস। কিন্তু ১৫ জনের দল থেকে বাদ পড়েন তিনি। এর পর থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা-ভাবনা শুরু করেন।
তারপরও বলেন, "আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ব্যাপারে আমি মন স্থির করবো।"
এরই মধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভাস। তবে খেলতে চেয়েছিলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট। ভাস মূলত ২০০৯ সাল থেকে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
ভাস বিবিসিকে বলেন, "আমি খুবই চেষ্টা করেছি। কিন্তু দলে ঢোকার মতো 'ফর্ম' আমার নেই।"
দলের শুভ কামনা করে তিনি বলেন, "আশা করছি দলের সদস্যরা দেশে ফিরিয়ে আনবেন বিশ্বকাপ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২০৩৬ ঘ.
bdnews24