ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দিনেই নিউজিল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে হ্যামিল্টন টেস্ট জিতে নিয়েছে পাকিস্তান। রান তাড়া করতে নেমে জয়ের লক্ষ্য ১৯ টপকে ২১ রানে পৌঁছে যায় তারা কোনো উইকেট না হারিয়ে।
সেডন পার্কে নিউজিল্যান্ডের প্রথম পালার ২৭৫ রানের জবাবে পাকিস্তান করে ৩৬৭। ফলে তারা ৯২ রানে এগিয়ে যায়। নিউজিল্যান্ডের দ্বিতীয় পালা গুটিয়ে যায় মাত্র ১১০ রানে।
উইকেটে রান থাকলেও পাকিস্তানের বোলাররা নিঃসন্দেহে বুদ্ধি খাটানোর পাশাপাশি লাইন ও লেন্থ বজায় রেখে বল করেন। অন্যদিকে ঠিক ততটাই নির্বোধের মতো ব্যাট করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ড ক্যাচও ফেলেছেন কয়েকটি। আর পাকিস্তান খেলেছে চমৎকার। ভুল-ত্র"টি ছিল না বললেই চলে।
আক্ষরিক অর্থেই প্রথম দু'দিন দু'দলের মধ্যে লড়াই হলেও তৃতীয় দিন এক সেশনেই পুরোপুরি পাল্টে যায় খেলার চিত্র।
রান তাড়া করতে নেমে ১৫ মিনিটে জয় তুলে নেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমর ও মোহাম্মদ হাফিজ। উমর ১২ ও হাফিজ ৯ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় সেশনে পানি-পানের বিরতির কিছুক্ষণ পর দ্বিতীয় পালায় ব্যাট করতে নামার পরপর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উইকেটে যাওয়া-আসা শুরু হয়ে যায়। দুই অংকের ঘরে পৌঁছেন মাত্র চার ব্যাটসম্যান, ব্রেন্ডন ম্যাককালাম (৩৫), টিম সুথি (১৭), রিস ইয়াং (১২) ও মার্টিন গুপটিল (১১)।
পাকিস্তানের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন আব্দুর রেহমান, উমর গুল ও ওয়াহাব রিয়াজ। এ জন্য রেহমানের খরচ হয় ২৪ রান। গুল দেন ২৮। রিয়াজ ৩৮।
পাকিস্তানের ৯২ রানে এগিয়ে যাওয়ার পেছনে বোলাররাসহ নিচের দিকের ব্যাটসম্যানরা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে রোববার তৃতীয়দিনের খেলা শুরু করে পাকিস্তান।
দলীয় ২৫৬ রানের মাথায় আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আসাদ শফিক তার ব্যক্তিগত রানের সঙ্গে মাত্র ৯ রান যোগ করে সাজঘরের পথ ধরেন। তিনি তার ৮৩ রানের ইনিংসটি সাজান ১৪টি চার দিয়ে।
অপর অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক মিসবাহ উল হকও ফিরে যান ২৫৬ রানের মাথায়। তিনি তার আগের দিনের ৫০ রানের সঙ্গে যোগ করেন আরো ১২। তার ৬২ রানের ইনিংসে চার রয়েছে ৭টি ও ছক্কা একটি।
এরপর সপ্তম উইকেট জুটিতে আদনান আকমল ও আব্দুর রেহমান দলের সঙ্গে যোগ করেন ৭২। ২৮ রান করতে তিনবার জীবন পান রেহমান। দলীয় ৩৩২ রানের মাথায় বিদায় নেন তিনি। এর আগে আদনানও বিদায় নেন ওই ৩৩২ রানের মাথায়।
গুল ১৭ ও তানভীর আহমেদ ১৮ রান করেন। শূন্য রানে অপরাজিত ছিলেন রিয়াজ।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ৯৫ রানে ৪ উইকেট নেন ব্রেন্ট আরনেল। ক্রিস মার্টিন ৩ উইকেট নেন ৮৬ রানে। ৮২ রান দিয়ে ২ উইকেট নেন টিম সুথি।
সেরা খেলোয়াড় হয়েছেন রেহমান।
এই খেলায় জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
দ্বিতীয় টেস্ট ১৫ জানুয়ারি শুরু হবে ওয়েলিংটনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১১ ঘ.
bdnews24