ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে মাইকেল ক্লার্কের যাত্রা হয়তো শুরু হলো, কিন্তু টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে থেমে গেল তার চলা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে হারার পর ক্লার্ক টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন। শুধু তাই নয়, ২০ ওভারের ক্রিকেটে তিনি আর খেলবেন না বলেও জানিয়ে দিয়েছেন। তবে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাবেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের লাগাম তুলে দেয়া হয়েছে ক্যামেরন হোয়াইটের হাতে। সহ-অধিনায়ক করা হয়েছে টিম পেইনকে।
দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আরন ফিঞ্চ ও জেমস প্যাটিনসন। দলে ফিরেছেন ফাস্ট বোলার ব্রেট লি। সেরা একাদশে জায়গা পেলে ২০০৯ সালের অক্টোবরের পর প্রথম বারের মতো মাঠে নামবেন তিনি।
টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়ে ক্লার্ক বলেন, "এই অ্যাশেজ সিরিজকে বিবেচনায় নিলে দেখা যাবে টেস্ট ক্রিকেটে যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানে নেই আমি।"
"টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় এখন আমি টেস্ট ও একদিনের ক্রিকেটের ওপর নজর দিতে পারবো। সেই সঙ্গে আরো ভালো টেস্ট খেলোয়াড় হওয়ার জন্য নিউ সাউথ ওয়েলসের হয়ে আমি অনেক বেশি ঘরোয়া অথবা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলবো,"বলেন তিনি।
দল: ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ক্যামেরোন হোয়াইট (অধিনায়ক), ডেভিড হাসি, আরন ফিঞ্চ, স্টিভ স্মিথ, টিম পেইন (উইকেটরক্ষক), স্টিভ ও'কিফ, মিচেল জনসন, ব্রেট লি, জেমস প্যাটিনসন ও শন টেইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৪২ ঘ.
bdnews24