ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার মাটিতে ২৪ বছরের মধ্যে এই প্রথম অ্যাশেজ সিরিজ জিতলো ইংল্যান্ড। শেষ টেস্টে অজিদের হারায় তারা এক পালা ও ৮৩ রানে।
অস্ট্রেলিয়ার প্রথম পালার ২৮০ রানের জবাবে ৬৪৪ রান করে ইংল্যান্ড এগিয়ে যায় ৩৬৪ রানে। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় পালা গুটিয়ে যায় ২৮১ রানে। সেই সঙ্গে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টেস্টের পঞ্চম ও শেষ দিন মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে ক্রিস ট্রেমলেটের বল মাইকেল বিয়ারের (২) ব্যাটের ভেতরের দিকে লেগে তার লেগ-স্ট্যাম্প ভেঙ্গে দেয়। সঙ্গে সঙ্গে বিজয়-উৎসবে মেতে ওঠেন ইংল্যান্ডের খেলোয়াড়রা।
ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়া কোনো সিরিজে তিনবার ইনিংস ব্যবধানে হার মানলো। এর আগে পার্থ টেস্ট ২৬৭ রানে জিতে অজিরা সিরিজে সমতা ফিরিয়ে আনলেও তা ধরে রাখতে পারেনি। নিজেরাও খেলতে পারেনি উজ্জীবিত ক্রিকেট। উল্টো এতে চাঙ্গা হয়ে ওঠে সফরকারীরা। মেলবোর্ন ও সিডনি টেস্ট জিতে নেয় তারা ইনিংস ব্যবধানে। মেলবোর্নে ইংল্যান্ড জেতে এক পালা ও ১৫৭ রানে। এর আগে এক পালা ও ৭১ রানে জেতে অ্যাডিলেডে।
ইংল্যান্ডের খেলোয়াড়রা কিছুক্ষণের জন্য অবশ্য বিচলিত হয়ে পড়েছিলেন। বৃষ্টি নামায় দিনের খেলা শুরুর ৫ ওভার ৪ বল পর খেলা বন্ধ হয়ে যায়। কিন্তু ৪৫ মিনিট পর খেলা শুরু হলে সেই বিচলিতভাব কেটে যায় তাদের।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও পিটার সিডল ৮৬ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয় অবশ্য খানিকটা বিলম্বিত করেন। নতুন বল নেয়ার ১.৩ ওভার আগে এই জুটি ভেঙ্গে গ্রায়েম সোয়ান ইংল্যান্ডকে নিয়ে যান জয়ের একেবারে দোরগোড়ায়। দলীয় ২৫৭ রানের মাথায় জেমস অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন সিডল। ৬৫ বলে ৪৩ রান করেন তিনি। আর নতুন বল নেয়ার ৪.৪ ওভারের মধ্যে শেষ বাধা বিয়ারের উইকেটটি নেন ট্রেমলেট।
শেষ পর্যন্ত স্মিথ ৫৪ রানে অপরাজিত ছিলেন। তার ৯০ বলের ইনিংসে চার রয়েছে ৬টি।
এর আগে বেন হিলফেনহস অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ম্যাট প্রায়রের হাতে ধরা পড়ে বিদায় নেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও ট্রেমলেট। এ জন্য অ্যন্ডারসনের খরচ হয় ৬১ রান। ট্রেমলেট দেন ৭৯। এছাড়া টিম ব্রেসন্যান ২ উইকেট নেন ৫১ রানে।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন অ্যালিস্টার কুক। সিরিজ সেরাও হন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড সর্বশেষ অ্যাশেজ সিরিজ জেতে ১৯৮৬-৮৭ মৌসুমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৭২৭ ঘ.
bdnews24