ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল বেভান।
এর আগে দলটির কোচ ছিলেন আরেক অস্ট্রেলীয় টম মুডি।
অক্টোবরে আইপিএল থেকে বহিষ্কার করার পর প্রতিযোগিতায় দলটির অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু ডিসেম্বরে মুম্বাই হাই কোর্ট এই বহিষ্কারাদেশ স্থগিত করে। আর বুধবার দলটির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে আইপিএল'র পরিচালনা পরিষদ।
এক সময় অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারের স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন ৪০ বছর বয়সী বেভান। অস্ট্রেলিয়ার ১৯৯৯ ও ২০০৩ সালের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।
কিংস ইলেভেন পাঞ্জাবের এক বিবৃতিতে বলা হয়, বেভান জানিয়েছেন যে ব্যাঙ্গালোরের নিলাম থেকে যথাযথ খেলোয়াড় বেছে নেয়াই হবে তার প্রথম কাজ।
আইপিএল'র প্রথম আসর থেকেই প্রতিযোগিতাটির ওপর নজর রাখছেন বলে বেভান জানান।
গত আসরে পাঞ্জাবের অবস্থান ছিল সব দলের নিচে। ১৪টি খেলার মধ্যে ১০টিতেই হারে তারা।
খেলোয়াড়দের নিলাম হবে ৮ ও ৯ জানুয়ারি ব্যাঙ্গালোরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯৪৫ ঘ.
bdnews24