ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে রয়েছে ইংল্যান্ড।
ম্যাট প্রায়রের শতকের সুবাদে ইংল্যান্ডের প্রথম পালার ৬৪৪ রানের জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় পালায় রান তুলেছে ৭ উইকেটে ২১৩। ফলে তারা পিছিয়ে আছে এখনো ১৫১ রানে। হাতে আছে ৩ উইকেট।
অস্ট্রেলিয়া প্রথম পালায় করে ২৮০।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে জেমস অ্যান্ডারসনের রিভার্স সুইং ও ক্রিস ট্রেমলেটের বৈরী পেসের মুখে দ্বিতীয় পালায় অসহায় হয়ে পড়েন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। লম্বা কোনো ইনিংস যেমন কোনো ব্যাটসম্যান খেলতে পারেননি, তেমনি বড় কোনো জুটিও গড়ে তুলতে পারেননি তারা।
দলের পক্ষে সবচেয়ে বড় ৬৫ রানের জুটি গড়ে তোলেন উসমান খাজা (২১) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক (৪১)। এরপর উল্লেখ করার মতো জুটি আর গড়ে ওঠেনি।
দলীয় ৪৬ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসনের (৩৮) দুর্ভাগ্যজনক রান-আউটের পর মড়ক লাগে অস্ট্রেলিয়ার ইনিংসে। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে।
১৭১ রানের মাথায় ট্রেমলেটের পরপর দুই বলে উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন (৩০) ও মিচেল জনসন (০) ফিরে গেলে চতুর্থ দিনেই হার মানার শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া।
কিন্তু স্টিভেন স্মিথ ও পিটার সিডল ১০ ওভারেরও বেশি বল খেলে দিনটি পার করে দেন। শেষ পর্যন্ত স্মিথ ২৪ ও সিডল ১৭ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন অ্যান্ডারসন, ট্রেমলেট ও টিম ব্রেসন্যান। এ জন্য অ্যান্ডারসনের খরচ হয় ৫০ রান। ট্রেমলেট দেন ৫৩ ও ব্রেসন্যান ৩২।
এর আগে ৭ উইকেটে ৪৮৮ রান নিয়ে বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড বাকি তিন উইকেটে করে আরো ১৫৬।
এরই মধ্যে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান উইকেটরক্ষক প্রায়র তার টেস্ট-জীবনের চতুর্থ শতক আদায় করে নেন। ঠিক ১০০ রানে পৌঁছান তিনি ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে।
৫৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বেন হিলফেনহসের বলে উইকেটের পেছনে ব্র্যাড হ্যাডিনের হাতে ধরা পড়ে নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে প্রায়র করেন ১১৮। তখন দলের রান ছিল ৬০৯। তার ১৩০ বলের ইনিংসে চার রয়েছে ১১টি ও ছক্কা একটি।
শেষ উইকেট জুটিতে গ্রায়েম সোয়ান ও ট্রেমলেট দলের সঙ্গে যোগ করেন ৩৫। ১২ রান করে ট্রেমলেটের বিদায়ের সঙ্গে সঙ্গে থেমে যায় ইংল্যান্ডের প্রথম পালা। তখন অন্য প্রান্তে সোয়ান অপরাজিত ছিলেন ৩৬ রানে।
এর আগে ৫৮৯ রানের মাথায় ব্রেসন্যান (৩৫) অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জনসন ৪ উইকেট নেন ১৬৮ রানে। ১২১ রান দিয়ে ৩ উইকেট নেন বেন হিলফেনহস।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে। সেই সঙ্গে ধরে রেখেছে অ্যাশেজও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৮২৮ ঘ.
bdnews24