২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুক ও বেলের শতক, টেস্টের লাগাম ইংল্যান্ডের হাতে

অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ও ইয়ান বেলের শতকের ওপর ভর করে তৃতীয় দিন শেষে প্রথম পালায় করেছে ৭ উইকেটে ৪৮৮। ফলে তারা এগিয়ে আছে ২০৮ রানে। হাতে আছে ৩ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ও ইয়ান বেলের শতকের ওপর ভর করে তৃতীয় দিন শেষে প্রথম পালায় করেছে ৭ উইকেটে ৪৮৮। ফলে তারা এগিয়ে আছে ২০৮ রানে। হাতে আছে ৩ উইকেট। অস্ট্রেলিয়া প্রথম পালায় তোলে ২৮০। উইকেটে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাট প্রায়র ৫৪ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান টিম ব্রেসন্যান এখনো হিসেবের খাতা খোলেননি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৩ উইকেটে ১৬৭ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে ইংল্যান্ড। দলের সঙ্গে আর ৫৯ রান যোগ হতেই ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান নাইটওয়াচ-ম্যান জেমস অ্যান্ডারসন (৭) ছাড়াও পল কলিংউড (১৩)। তবে আগের দিনের অন্য অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও ইয়ান বেল জুটি বেঁধে ১৫৪ রান তুলে দলের অবস্থা সুসংহত করেন। শেন ওয়াটসনের বলে মাইক হাসির হাতে ধরা পড়ার আগে কুক তার ৬১ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ১৮৯-তে। তিনি তার ৩৪২ বলের ইনিংসটি সাজান ১৬টি ৪ দিয়ে। এটি কুকের টেস্ট-জীবনের ১৬তম শতক। ঠিক ১০০ রানে পৌঁছান তিনি ২০২ বলে ৯টি ৪-এর সাহায্যে। শতক হাঁকান বেলও। তিনি তার টেস্ট-জীবনের ১২ তম শতকে (১০০) পৌঁছান ২০৯ বলে ১১টি ৪-এর সাহায্যে। দলীয় ৪৮৭ রানের মাথায় ১১৫ রান করে মিচেল জনসনের বলে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়েন তিনি। তার ২৩২ বলের ইনিংসে ৪ রয়েছে ১৩টি। এর আগে বেল ও প্রায়র ৭ম উইকেট জুটিতে দলের সঙ্গে ১০৭ রান যোগ করেন। সেই সঙ্গে টেস্টের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় ইংল্যান্ড। আক্ষরিক অর্থেই অস্ট্রেলিয়ার বোলাররা কখনোই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মাথা ব্যাথার কারণ হয়ে উঠতে পারেননি। উল্টো কুক, বেল ও প্রায়র নাকাল করে ছাড়েন তাদের। জনসন ৩ উইকেট নেন ৯৭ রানে। এছাড়া ১টি করে উইকেট নেন ওয়াটসন, মাইকেল বিয়ার, পিটার সিডল ও বেন হিলফেনহস। এজন্য ওয়াটসনের খরচ হয় ৪৯ রান। বিয়ার দেন ৮৫ রান, সিডল ৯৮ ও হিলফেনহস ১০৪। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে। সেই সঙ্গে ধরে রেখেছে অ্যাশেজও। জিতলে তো কথাই নেই, এই খেলায় ড্র কিংবা হারলেও ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতবে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৬৩৬ ঘ.