ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেপ টাউনে আরো একটি রেকর্ড গড়লেন শচীন টেন্ডুলকার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৫১তম শতক হাঁকিয়েছেন তিনি।
২১৩ বল খেলে ৫১তম শতকের ইনিংসটি সাজান তিনি ১২টি চার ও এক ছক্কার সাহায্যে।
এর আগে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে শতকের অর্ধ-শতক পূর্ণ করেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে ২৪১ বলে ১১১ রান করেন টেন্ডুলকার। তিনি তার ইনিংসটি সাজান ১৩টি চার ও একটি ছক্কা দিয়ে।
টেস্টে ৫৬.৯১ গড়ে তার রান প্রায় ১৪,৬০০। এর মধ্যে রয়েছে ৫১টি শতক ও ৫৯টি অর্ধ-শতক। একদিনের ক্রিকেটেও ৪৬টি শতক রয়েছে তার।
১৯৮৯ সালে ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় টেন্ডুলকারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৩০ ঘ.
bdnews24