ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম পালায় ২ উইকেটে ১৪২ রান করেছে ভারত। এর আগে জ্যাক ক্যালিসের শতকের সুবাদে প্রথম পালায় দক্ষিণ আফ্রিকা করে ৩৬২।
গৌতম গম্ভির ৬৫ রান নিয়ে ব্যাট করছেন। অন্য প্রান্তে ৪৯ রানে অপরাজিত রয়েছেন শচীন টেন্ডুলকার।
প্রথম পালায় ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে হারায় ভারত। ডেল স্টেইনের বলে গ্রায়েম স্মিথের হাতে ধরা পড়ার আগে শেবাগ করেন ১৩। এরপর দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন রাহুল দ্রাবিড় (৫)।
কেপ টাউনের নিউল্যান্ডসে ৪ উইকেটে ২৩২ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলের সঙ্গে ৩০ রান যোগ হওয়ার পর সাজঘরে ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। ১০০ বলে ৪৭ রান করেন তিনি।
অপর অপরাজিত ব্যাটসম্যান জ্যাক ক্যালিস টেনে নিয়ে যেতে থাকেন দলকে। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ ব্যাটসম্যান হিসেবে জহির খানের বলে উইকেটের পেছনে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়ার আগে ১৬১ রান করেন ক্যালিস। তার ২৯১ বলের ইনিংসে চার ১৯টি। এটি ছিল ক্যালিসের টেস্ট-জীবনের ৩৯তম শতক।
দক্ষিণ আফ্রিকার অন্য ব্যাটসম্যানদের কেউ খুব একটা সুবিধা করতে পারেননি।
ভারতের শ্রীশান্ত ৫ উইকেট নেন ১১৪ রানে। এছাড়া জহির খান ৩টি ও ইশান্ত শর্মা ২টি উইকেট নেন। এজন্য জহির দেন ৮৯ রান। শর্মা দেন ৭৭।
প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেলেও দ্বিতীয় খেলায় জিতে ভারত তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২২৭ ঘ.
bdnews24