ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেয়ার ইচ্ছা নেই সে দেশের সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার।
সিডনি টেস্টের পর পদত্যাগ করতে যাচ্ছেন বর্তমান ফাস্ট বোলিং কোচ ট্রয় কুলি। এ অবস্থায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে তার দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যাকগ্রা।
কিন্তু ম্যাকগ্রা বলছেন, জাতীয় দলকে সহায়তা করতে পারলে তিনি খুশি হবেন। কিন্তু এই চাকরি নেয়ার ইচ্ছা তার নেই।
দ্য এজ-কে তিনি বলেন, "জাতীয় দলকে সহায়তা করতে পারলে আমি খুশি হবো। কিন্তু বিশেষ করে, গত ১২ মাসে আমার জীবনে অনেক কিছু ঘটেছে। সে কারণে আমি ব্যস্ত রয়েছি।"
৪০ বছর বয়সী ম্যাকগ্রা মনে করেন ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে এবং সিডনি টেস্ট জিতে পাঁচ টেস্টের সিরিজে সমতা ফিরিয়ে আনবে।
এ প্রসঙ্গে ম্যাকগ্রা বলেন, "ছেলেরা (ক্রিকেটাররা) যে ঘুরে দাঁড়াবে, সে ব্যাপারে আমার আস্থা আছে। সেই সঙ্গে দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ের শীর্ষে আবারো উঠে যাবে।"
বর্তমানে ইংল্যান্ড ২-১ ম্যাচে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৩ ঘ.
bdnews24