ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম পালায় ২ উইকেটে ৪৯ রান নিয়ে চা-বিরতিতে গেছে ভারত। এর আগে জ্যাক ক্যালিসের শতকের সুবাদে প্রথম পালায় ৩৬২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
গৌতম গম্ভির ২২ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে ৮ রানে অপরাজিত আছেন শচীন টেন্ডুলকার।
১৩ রান করে ডেল স্টেইনের বলে গ্রায়েম স্মিথের হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ। আর রাহুল দ্রাবিড় (৫) দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন।
কেপ টাউনের নিউল্যান্ডসে ৪ উইকেটে ২৩২ রান নিয়ে সোমবারের খেলা শুরু করে দ. আফ্রিকা। দলীয় সংগ্রহে ৩০ রান যোগ করে শ্রীশান্তের বলে সাজঘরে ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। মাত্র ৩ রানের জন্য অর্ধশতক বঞ্চিত প্রিন্স ১০০ খেলে ৪৭ রান করেন।
অপর অপরাজিত ব্যাটসম্যান ক্যালিস দলকে এগিয়ে নিতে থাকেন। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। খালি হাতে ফিরে যান মার্ক বাউচার ও ডেল স্টেইন।
এরপর পরই নিজের ৩৯ তম টেস্ট শতক তুলে নেন ক্যালিস।
মরনে মরকেল ৮ ও পল হ্যারিস ৭ রানে আউট হন। ৯ উইকেটে ৩৩৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দ.আফ্রিকা।
বিরতি থেকে ফিরে দলের সঙ্গে আর ২৭ রান যোগ হওয়ার পর জহির খানের বলে ধোনির হাতে ধরা পড়েন ক্যালিস। ২৯১ বলে খেলা তার ১৬১ রানের ইনিংসে ছিল ১৯টি চারের মার।
ভারতের শ্রীশান্ত ৫ উইকেট নেন ১১৪ রানে। এছাড়া জহির খান ৩টি ও ইশান্ত শর্মা ২টি উইকেট নেন। এজন্য জহির দেন ৮৯ রান। শর্মা দেন ৭৭।
তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩১ ঘ.
bdnews24