ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানে জন্মগ্রহণকারী উসমান খাজা ও বাঁ-হাতি স্পিনার মাইকেল বিয়ারের।
সিডনিতে রোববার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক সিডনি টেস্টের জন্য দল ঘোষণা করেন। আগের টেস্টের সব খেলোয়াড়ই দলে রয়েছেন। বাদ পড়েছেন কেবল ফাস্ট বোলার ডোগ বোলিঞ্জার।
এতদিন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ক্লার্ক। পন্টিং বাদ পড়ার পর দলের লাগাম চলে আসে তার হাতে।
পন্টিংয়ের জায়গায় তিন নম্বরে ব্যাট করতে পারেন ২৪ বছর বয়সী উসমান। গত দুই মৌসুম ধরে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতায় নিউ সাউথ ওয়েলসের হয়ে তিন নম্বরে ব্যাট করে প্রচুর রান করেন তিনি।
কেতাবী ব্যাটসম্যান হিসেবে পরিচিত উসমানই হবেন প্রথম মুসলমান, যিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে যাচ্ছেন।
উসমান সম্পর্কে ক্লার্ক বলেন, "গত দু'বছর ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটে চমৎকার খেলছেন তিনি। এই পর্যায়ের ক্রিকেটে যদি তিনি সেরা না হন, তাহলে সেরাদের একজন তো বটেই।"
দেশের পক্ষে খেলার মতো যোগ্যতা উসমান অর্জন করেছেন বলে মনে করেন ক্লার্ক। বলেন, "আগামীকাল (সোমবার) তিনি মাথায় পড়বে 'ব্যাগি গ্রিন' টুপি।
ক্লার্ক বলেন, "অস্ট্রেলিয়ার হয়ে শুধু একটি নয়, উসমান যে অনেক টেস্ট খেলবেন সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। গত দুই মৌসুম ধরে নিউ সাউথ ওয়েলসের হয়ে যেভাবে খেলেছেন, সেভাবে খেলতে পারলে তার আন্তর্জাতিক ক্রিকেট-জীবন দীর্ঘ হবে। সাফল্যের মুখও দেখবেন তিনি।"
প্রথম শ্রেণীর খেলায় উসমানের অভিষেক হয় ২০০৮ সালের ফেব্র"য়ারিতে। ২৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ছয়টি শতক ও দশটি অর্ধ-শতকসহ রান করেন ২০৬৮। গড় ৫১.৭০।
ছেলেবেলাতেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া চলে আসেন উসমান। এরই মধ্যে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেনও তিনি।
২৬ বছর বয়সী বিয়ার বেড়ে ওঠেন মূলত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়। পঞ্চম টেস্ট দলে একমাত্র স্পিনার হিসেবে জায়গা পান তিনি। আর সিডনির উইকেট থেকে স্পিনাররা বরাবরই সহায়তা পেয়ে আসছেন।
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নেন বিয়ার।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ এ এগিয়ে আছে। সেই সঙ্গে ধরে রেখেছে অ্যাশেজও। পঞ্চম টেস্ট জিতলে তো কথাই নেই। ড্র হলেও ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতবে ইংল্যান্ড।
দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, ফিল হিউজেস, উসমান খাজা, মাইক হাসি, স্টিভেন স্মিথ, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, পিটার সিডল, বেন হিলফেনহস ও মাইকেল বিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৬ ঘ.
bdnews24