ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ জেতার জন্য কেপ টাউন টেস্টে জয় চাই ভারত ও দক্ষিণ আফ্রিকা, উভয় দলের। কেননা প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেলেও দ্বিতীয় খেলায় জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরায় ভারত।
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করেন সিরিজ নির্ধারণী এই টেস্টে জিততে হলে তিন বিভাগেই খেলোয়াড়দের জ্বলে উঠতে হবে। তিনি বলেন, "ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, সব বিভাগেই দলের খেলোয়াড়দের সামর্থ্যরে পুরোটা উজাড় করে দিতে হবে।"
এ ধরনের উইকেটে তার দলের ক্রিকেটাররা অভ্যস্থ নন বলে জানিয়ে ধোনি বলেন, "তাই আমার দলের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ।"
দ্বিতীয় টেস্ট জেতায় খেলোয়াড়দের আস্থা বেড়ে গেছে বলে জানান ভারত অধিনায়ক। প্রথম টেস্টে ধোনির দল হার মানে এক ইনিংস ও ২৫ রানে।
তিনি বলেন, "প্রথম টেস্টে হারায় দলের খেলোয়াড়দের মানসিকতার ওপর চাপ পড়ে। উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় ২০ উইকেট নেয়া। কিন্তু ডারবানে আমাদের বোলাররা ভালোভাবেই ঘুরে দাড়ান।"
শেষ ১৪ খেলার ১৩টিতে টসে হেরেছেন ধোনি। তা স্বীকার করে নিয়ে বলেন, টসে হারা কখনো কখনো দলকে কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দেয়। তাই টস জেতা সব সময়ই ভালো। উইকেটে বোলারদের জন্য কিছু থাকলে তা ব্যবহার করার সুযোগ পাওয়া যায়।"
কেপ টাউনের নিউল্যান্ডসের উইকেট থেকে ব্যাটসম্যানরা বরাবরই সহায়তা পেয়ে থাকেন। এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার যে কোনো মাঠের চেয়ে এই মাঠেই সবচেয়ে বেশি রান (গড় ৩৩৮.২) উঠেছে। এরপরই রয়েছে ডারবানের কিংসমিড। তারপরও গড়ে পিছিয়ে রয়েছে প্রায় ২৪ রান।
এর আগে পিচ কিউরেটর ইভান ফ্লিন্ট নিউল্যান্ডসের উইকেট আগের মতোই রাখা হবে বলে জানিয়ে বলেন, "আগের চেয়ে পিচে খুব একটা পরিবর্তন আনা হবে না।"
এটা নিঃসন্দেহে ব্যাটসম্যানদের জন্য সুখবর। কেননা আগের দুই টেস্টে কঠিন সময় পার করতে হয়েছে ব্যাটসম্যানদের।
সেঞ্চুরিয়ন ও ডারবানের উইকেটে প্রথমদিকে বোলাররাই বেশি সুবিধা পেয়েছেন। তবে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্য ওঠায় সেঞ্চুরিয়নের উইকেটে ব্যাট করা সহজ হয়ে যায় অনেকটা। কিংসমিডের উইকেট একই রকম আচরণ করলেও বোলাররা সুবিধা পান পুরো ম্যাচে। তবে নিউল্যান্ডসের পিচ হবে একেবারেই অন্য রকম।
দক্ষিণ আফ্রিকা দল সাধারণত পেস ও বাউন্স পছন্দ করে থাকে। ফ্লিন্টেরও মাথায় রয়েছে সে কথা। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি এমন একটি উইকেট তৈরি করতে চাই যাতে দক্ষিণ আফ্রিকা ভালো ফল করতে পারে। আশা করছি, আমার দেশ তার পুরো শক্তি মেলে ধরতে পারবে।"
উইকেট নিয়ে এখনো কিছু কাজ বাকি আছে। কিন্তু আবহাওয়ার জন্য ফ্লিন্ট তা করতে পারছেন না। এ ব্যাপারে ফ্লিন্ট বলছেন, "আবহাওয়া পুরোপুরি ভালো নয়। বেশ বাতাস বইছে। সূর্যও ঢাকা রয়েছে মেঘে। অন্তত রোদে ঝলমল একটা দিন চাই আমি।"
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বছরের প্রথম দিন কেপ টাউনে বৃষ্টি হতে পারে। তবে খেলার সময় বৃষ্টির সম্ভাবনা নেই।
নির্বাসন পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা এই মাঠে ২১টি টেস্টের মধ্যে ১৪টিতেই জিতেছে। হেরেছে মাত্র তিনটিতে। ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকা খেলেছে দু'টি টেস্ট। জিতেছে দু'টিতেই।
বর্ণবাদের কারণে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২০০৪ ঘ.
bdnews24