ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের দুই সহকারী কোচ আকিব জাভেদ এবং ইজাজ আহমেদকে বরখাস্ত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের একটি সূত্র এ খবর দিয়েছে।
আকিব বোলিং এবং ইজাজ ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন।
আকিব এবং ইজাজ দু'জনের কেউই দলের সঙ্গে আরব আমিরাতে যাচ্ছেন না। অক্টোবর মাসের শেষ সপ্তাহে পাকিস্তান তাদের পরবর্তী ক্রিকেট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। প্রোটিয়াসদের বিপক্ষে পাকিস্তান দু'টি টি-টোয়েন্টি, পাঁচটি একদিনের ম্যাচ এবং দু'টি টেস্ট খেলবে।
লন্ডন থেকে দেশে ফিরেই পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট দুই কোচকে বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানা গেছে।
একই সূত্র বলেছে, কোচ ওয়াকারের সঙ্গেও পিসিবি'র নির্বাচক কমিটি এবং দলের সিনিয়র খেলোয়াড়দের মতবিরোধ চলছে। ওয়াকারের দৃষ্টিভঙ্গিতে তারা খুশি নন।
সূত্র আরো জানিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়াকার চাননি বলেই সবগুলো ম্যাচ খেলেননি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।
আর তাই দক্ষিণ আফ্রিকা সিরিজে দলগঠনের জন্য বৈঠকে ওয়াকারকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০১৭ ঘ.
bdnews24