ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন চুক্তিতে সই করেননি অধিনায়ক ক্রিস গেইল। এই নিয়ে বোর্ডের নতুন চুক্তি ফিরিয়ে দিলেন তিন তারকা। এর আগে বোর্ডের চুক্তিতে সই করেননি দুই অলরাউন্ডার ডোয়েন ব্রাভো এবং কিরন পোলার্ডও।
গেইল এবং ব্রাভোকে 'এ' গ্রেডে রাখা হয়েছিল। পোলার্ডকে দেয়া হয়েছিল 'সি' গ্রেড। কিন্তু তিনজনই বলেছেন বোর্ডের দেয়া সব শর্ত তাদের পক্ষে মানা সম্ভব নয়। বোর্ড অবশ্য তিনজনের কাছেই তাদের আপত্তির বিস্তারিত জানার জন্য চিঠি দিয়েছে।
চুক্তির অন্যতম শর্ত হচ্ছে বোর্ড যখনই চাইবে তখনই খেলোয়াড়দের বোর্ড আয়োজিত ম্যাচে খেলতে হবে। তাতে রয়েছে ঘরোয়া ক্রিকেটের সব লিগই। সেখানেই মূলত আপত্তি গেইলদের। কারণ সেক্ষেত্রে আইপিএলসহ বেশ কিছু লোভনীয় লিগে ছাড় দিতে হতে পারে তাদের।
গত ২১ আগস্ট মোট ২৫ জন ক্রিকেটারকে চুক্তিতে আবদ্ধ হতে প্রস্তাব দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এখনো পর্যন্ত ১৫ জন ক্রিকেটার চুক্তিতে সই করেছেন। তাদের মধ্যে কেবল অভিজ্ঞ শিবনারায়ন চন্দরপলই রয়েছেন 'এ' ক্যাটাগরিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/১৮১০ ঘ.
bdnews24