ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেট দলের জন্য সুখবর। হরভজন সিং, গৌতম গম্ভির এবং বীরেন্দ্র শেবাগকে নিয়ে কেটে গেছে চোটের শঙ্কা। যোগ দিয়েছেন তারা অনুশীলনে।
একই সঙ্গে টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নাও। প্রায় তিন ঘন্টার অনুশীলনের পুরোটা সময়েই মাঠে ছিলেন তারা।
চ্যাম্পিয়ন্স লিগ খেলে অস্ট্রেলিয়ার পেস বোলার ডাগ বোলিঞ্জার এবং মিড্ল-অর্ডার ব্যাটসম্যান মাইকেল হাসিও মোহালিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আগামি ১ অক্টোবর মোহালিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট।
পেশীতে চোট পাওয়ায় স্থানীয় একটি হাসপাতালে স্ক্যান করানো হয় হরভজনের। তাতে কিছুই পাওয়া যায়নি।
ভারতীয় বোর্ড সভাপতি একাদশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে অজি পেসার বেন হিলফেনহসের বলে কব্জিতে চোট পেয়েছিলেন ওপেনার গম্ভির। তারও স্ক্যান করানো হয়। কিন্তু পাওয়া যায়নি কিছু।
দু'দিন আগে ইশান্ত শর্মার বলে হাঁটুতে আঘাত পেয়েছিলেন শেবাগ। তিনিও এখন পুরোপুরি সুস্থ।
মোহালির উইকেটে দুই স্পিনার নিয়ে মাঠে নামবে ভারত। হরভজনের সঙ্গী হতে পারেন প্রজ্ঞান ওঝা ও অমিত মিশ্রের মধ্যে যেকোনো একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৩৬ ঘ.
bdnews24