ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ক্রিকেটকে দুঃসময় থেকে বের করে আনার জন্য দলের নেতৃত্ব ফের ইউনুস খানকেই দেয়া উচিত বলে মনে করছেন সাবেক অধিনায়ক জহির আব্বাস।
অবিলম্বে ইউনুসের সঙ্গে বিরোধ মিটিয়ে তার হাতে দলের দায়িত্ব তুলে দেয়ার জন্য তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ইউনুসকে পিসিবির সঙ্গে যোগাযোগ করতেও বলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে নভেম্বরে। ওই সিরিজেই দলের অধিনায়ক হিসেবে ইউনুসকে দেখতে চান জহির। এর কারণ হিসেবে তিনি বলেন, সিরিজটি হবে খুবই কঠিন। এ ধরনের কোনো সিরিজে অভিজ্ঞ খেলোয়াড়ের হাতেই দলের নেতৃত্ব থাকা দরকার।
'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক সালমান বাটকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানের একদিনের দলের নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
একই অভিযোগে বাট ছাড়াও দুই বোলার মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এই দুঃসময়ে একমাত্র ইউনুসই দলকে পথে ফিরিয়ে আনার সামর্থ্য রাখেন বলে মনে করেন সাবেক এই ব্যাটসম্যান।
জহির বলেন, ''শুধু অধিনায়ক নয়, খেলোয়াড় হিসেবেও সালমানের ভবিষ্যত এখন অনিশ্চিত। তার বিরুদ্ধে 'স্পট ফিক্সিং'র অভিযোগ কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। এ অবস্থায় এক মাত্র ইউনুসই পাকিস্তানের ক্রিকেটকে দুঃসময় থেকে বের করে আনতে পারেন, অন্য কেউ নয়।''
ইউনুসের নেতৃত্বে পাকিস্তান ২০০৯ সালে টোয়েন্টি-টোয়েন্টি বিশ^কাপের শিরোপা জেতে। একই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও ওঠে পাকিস্তান, তারই নেতৃত্বে।
এরপর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরের আগে ইউনুস নেতৃত্ব ছেড়ে দেয় দলের কিছু খেলোয়াড়ের সঙ্গে মতবিরোধের কারণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯১৭ ঘ.
bdnews24