২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ মোদির

ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল ললিত মোদির। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল ললিত মোদির। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে। এর আগে ৪৬ বছর বয়সী মোদিকে আইপিএল'র প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়। সেই পদে এখন রয়েছেন চিয়ারু আমিন। মোদিকে চ্যাম্পিয়ন্স লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করে আসছে ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। মোদির বিরুদ্ধে আইপিএল নিয়ে দুর্নীতি এবং তহবিল তছরুপের তদন্ত চলছে। কর ফাঁকি এবং অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আইপিএলে নতুন দল নেয়ার ব্যাপারে আর্থিক কেলেঙ্কারিতেই ফেঁসে যান মোদি। এরপর একের পর এক অনিয়মের খবর বেরোতে থাকে তার বিরুদ্ধে। বিসিসিআই'র মার্কেটিং কমিটির প্রধান ছিলেন মোদি। তার মাথা থেকেই বেরিয়েছিল আইপিএলের ধারণা। এটি শুধু ভারতেই নয়, তাকে বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী সংগঠকে পরিণত করে। কিন্তু নানা কেলেঙ্কারি এবং বিতর্কের কারণে মোদির ভাবমূর্তি বলতে গেলে প্রায় শেষ হয়ে গেছে। মোদির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার জেল-জরিমানা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩০ ঘ.