২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন লড়াই হবে: ভেট্টোরি

জয়ের একপেশে পরিসংখ্যান নিয়ে আত্মতুষ্টিতে ভুগছে না নিউজিল্যান্ড। বরং দলের সদস্যদের সাবধান করে দিয়ে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বললেন, কঠিন লড়াই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের একপেশে পরিসংখ্যান নিয়ে আত্মতুষ্টিতে ভুগছে না নিউজিল্যান্ড। বরং দলের সদস্যদের সাবধান করে দিয়ে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বললেন, কঠিন লড়াই হবে। একদিনের ম্যাচে ১৭ বার বাংলাদেশের বিপক্ষে খেলে নিউজিল্যান্ড জিতেছে ১৬ বার। পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে মঙ্গলবার রাতে ঢাকায় এসে বুধবার বিকেলেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন ভেট্টোরি'রা। এর আগে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, "লড়াইটা সহজ হবে না। অনেকেই হয়তো ধারণা করছেন আমরা ৫-০ ম্যাচে সিরিজ জিতবো। কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে। আমার তো মনে হয়, কঠিন লড়াই হবে।'' গত ফেব্র"য়ারিতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ একদিনের সিরিজ হেরেছিল ০-৩ ব্যবধানে। সে কথা উঠতেই ভেট্টোরি বললেন, ''আমাদের দেশে এভাবে হারলেও প্রতিটি খেলায় সমানতালে লড়েছিল বাংলাদেশ। যদি মনে করি, বাংলাদেশের মাটিতেও একইভাবে সিরিজ জিতব, তাহলে ভুল হবে। দল হিসেবে বাংলাদেশকে সমীহ না করে উপায় নেই।'' নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছে একবার, এই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেই। ২০০৮ সালের ৯ অক্টোবর ওই খেলায় নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। তবে সিরিজ জিতেছিল কিউইরা ২-১ ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল এবং মোহাম্মদ আশরাফুল। নিজেদের জন্য একে ইতিবাচক হিসেবে দেখছেন কিউই অধিনায়ক, ''চোটের কারণে তামিম দলের বাইরে। রান না পাওয়ায় বাদ পড়েছেন আশরাফুল। এই দু'জনের অভাব বাংলাদেশ দল অনুভব করতে পারে। তবে ওরা নেই তা অমাদের জন্য ভালো খবর।'' তবে সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে কিছুটা হলেও চিন্তিত নিউজিল্যান্ড শিবির। গত কয়েক বছর ধরেই অসাধারণ খেলছেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে ভেট্টোরি আর সাকিবের মধ্যে একটা তুলনাও করেন অনেকে। এ প্রসঙ্গে ভেট্টোরি বললেন, "সাকিবের সঙ্গে আমার তুলনা হতেই পারে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই। সাকিব আর আমি দু'জনই স্পিনার। ব্যাট করি কিছুটা নিচের দিকে। দলের নেতৃত্বও দিয়েছে ও কিছুদিন। তাই অনেকেই আমার সঙ্গে ওর তুলনা করতে পছন্দ করেন।'' এই সফরকে বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক। বলেন ''এ সফর অবশ্যই বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।'' বিশ্বকাপ ক্রিকেট হবে আগামী বছর উপমহাদেশে। ক্রীড়াঙ্গনে নিরাপত্তা এখন বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ক্রীড়া আসর মানেই সন্ত্রাসীদের হামলার হুমকি। বাংলাদেশে কি পর্যাপ্ত নিরাপত্তা মিলছে? এই প্রশ্নের জবাবে ভেট্টোরি বলেন, ''না, এখানে এ ব্যাপারে কোনো সমস্যা নেই।'' একদিনের সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের সঙ্গে ১ ও ৩ অক্টোবর দু'টি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। দু'টি ম্যাচই হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। একদিনের সিরিজের প্রথম খেলা হবে ৫ অক্টোবর। সব খেলাই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬৫১ ঘ.