২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা চেন্নাইয়ের

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওয়ারিয়র্সেকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুললো চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওয়ারিয়র্সেকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুললো চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে দক্ষিণ আফ্রিকার দল ওয়ারিয়র্স। জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের অর্ধশতকে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে চেন্নাই। তখনও হাতে ছিল ছয় বল। ১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম থেকেই সতর্ক হয়ে ব্যাট করতে থাকেন চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল হাসি ও মুরালি বিজয়। তাদের দুজনের ১০৩ রানে জুটিই দলকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। ৫৩ বলে ৫৮ রান করা মুরালি নিকি বোয়ের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। তবে হাসি ৫১ রানে অপরাজিত ছিলেন। ৪৬ বলে খেলা তার এ ইনিংসে ছিল ৩টি চারের মার। এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী অপরাজিত ১৭ রান করেন। নিকি বোয়ে এবং মাখায়া এনটিনি ১টি করে উইকেট পান। এজন্য বোয়ে ২৯ এবং এনটিনি ৩০ রান খরচ করেছেন। এর আগে জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়ারিয়র্স। শুরুটা ভালো করলেও দলীয় ৩৯ রানে ডোগ বোলিঙ্গারের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স (৬)। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ডেভি জেকবস দলের ভিত গড়ার চেষ্টা করলেও বড় কোনো জুটি গড়ে না ওঠায় ১২৮ রানেই থেমে যায় ওয়ারিয়র্সের ইনিংস। দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন জেকবস। এছাড়া ক্রেগ থাইসেন ২৫, জাস্টিন ক্রয়েস ১৭ এবং কলিন ইনগ্রাম ১৬ রান করেন। আর কেউই দুই অংকের কোটা ছুঁতে পারেনি। মুত্তিয়া মুরালিধরন ৩টি উইকেট তুলে নেন ১৮ রান দিয়ে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ২টি উইকেট পান ১৮ রানের বিনিময়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০১১২ ঘ.