২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহির-হরভজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া

প্রথম টেস্টের আগে ভারতীয় বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে সফরকারী অস্ট্রেলিয়া। এই খেলার মধ্য দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চান অজি অধিনায়ক রিকি পন্টিং। তাই সম্ভাব্য সেরা একাদশকেই মাঠে নামাতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টের আগে ভারতীয় বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে সফরকারী অস্ট্রেলিয়া। এই খেলার মধ্য দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চান অজি অধিনায়ক রিকি পন্টিং। তাই সম্ভাব্য সেরা একাদশকেই মাঠে নামাতে চান তিনি। খেলা হবে চন্ডিগড়ের সেক্টর ১৬ স্টেডিয়ামে। বোর্ড সভাপতি একাদশের নেতৃত্ব দেবেন গৌতম গম্ভির। তবে গত দু'দিন বৃষ্টির কারণে দু'দল ঠিকমতো অনুশীলন করতে পারেনি। তবে এ সব নিয়ে ভাবছেন না অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার ভাবনায় এখন কেবল টেস্ট সিরিজ। চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হরভজন সিং এবং জহির খানকে। তাদের সামলানোই সবচেয়ে কঠিন হবে বলে মনে করছেন তিনি। ক্লার্ক বলেছেন, "জহির দুর্দান্ত বোলার। নতুন এবং পুরনো দু'ধরণের বলেই তিনি সুইং আদায় করে নিতে পারেন। নতুন বলে পান স্বাভাবিকভাবে সুইং, আর পুরোনো বলে রিভার্স সুইং। ওকে খেলা তাই সবসময়ই কঠিন। আর ভারতের মাটিতে হরভজনকে খেলাও কঠিন। দেশের মাটিতে আমাদের বিপক্ষে তার রেকর্ডই সবকিছু বলে দেয়। তবে তাদের সামলাতে আমরা তৈরি।" হরভজনকে সমীহের চোখে দেখছেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসনও। তিনি বলেন, "স্পিনার হিসেবে হরভজন দুর্দান্ত। তাকে নিয়ে আমরা আলাদাভাবে 'হোমওয়ার্ক' করছি।" "এই সফরটা আমাদের কাছে খুবই কঠিন। বিশেষ করে, নিজেদের মাঠে ভারত সব সময়ই ভয়ঙ্কর। আর বাড়তি সুবিধা তো পাবেই। তাই সমান তালে লড়তে চাইলে আমাদের উজাড় করে দিয়ে খেলতে হবে," ওয়াটসন আরো বলেন। এছাড়া টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও ফিরে পেতে চান অজি সহ-অধিনায়ক। তবে নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি ক্লার্ক। তিনি বলেন, "সব সময়ই ভারতে আসতে ভালো লাগে। নিরাপত্তা নিয়ে কিছুই ভাবছি না।" দলটি অনভিজ্ঞ হলেও অজি কোচ টিম নিলসন তা নিয়ে চিন্তিত নন। তার দলের মার্কাস নর্থ, টিম পেইন, ডাগ বোলিঞ্জার ও বেন হিলফেনহস ভারতের মাটিতে এখনো কোনো টেস্ট খেলেননি। অফ-স্পিনার নাথান হরিজ ভারতের মাটিতে একটি মাত্র টেস্ট খেলেছেন। তারপরও নিলসন বলেছেন, তার দল প্রস্তুত হয়েই ভারতে এসেছে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে মোহালিতে, ১ অক্টোবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/২০০৭ ঘ.