২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পরীক্ষা দিতে প্রস্তুত জনসনরা

ভারতের পিচ, পরিবেশ ও পরিস্থিতি ফাস্ট বোলারদের জন্য কঠিন পরীক্ষা বলেই মানছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল জনসন। তারপরও ভারত সফরে এই অজি বোলার দলের অনভিজ্ঞ বোলারদের ওপর আস্থা রাখছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের পিচ, পরিবেশ ও পরিস্থিতি ফাস্ট বোলারদের জন্য কঠিন পরীক্ষা বলেই মানছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল জনসন। তারপরও ভারত সফরে এই অজি বোলার দলের অনভিজ্ঞ বোলারদের ওপর আস্থা রাখছেন। চন্ডিগড়ে বৃহস্পতিবার সেক্টর ১৬ স্টেডিয়ামের ইনডোরে অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জনসন। তখনই এই মন্তব্য করেন তিনি। এ পর্যন্ত ৩৬ টেস্টে ১৫৮ উইকেট নেয়া এই পেসার বলেন, ''ভারতের উইকেট স্বভাবতই কিছুটা ধীর গতির। বল ওঠেও কম। তার ওপর আদ্রতা ও গরম তো আছেই। ফলে ফাস্ট বোলারদের কঠিন পরীক্ষাই দিতে হয়।'' ''ভারতের শক্তিশালী ব্যাটিংও বোলারদের জন্য আরেকটি পরীক্ষা। আমাদের বল করতে হবে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগ, ভিভিএস লক্ষণদের বিপক্ষে। কাজেই ভারত সফর ফাস্ট বোলারদের জন্য রীতিমতো চ্যালেঞ্জ,''বললেন জনসন। ভারত সফরে অস্ট্রেলিয়া দলে আছেন অলরাউন্ডার শেন ওয়াটসন এবং ডাগ বোলিঞ্জার। তাদের ভারতে খেলার অল্পবিস্তর অভিজ্ঞতা আছে। আর বাকি তিন পেসার পিটার জর্জ, জেমস প্যাটিসন ও মিচেল স্টার্ক, কারোই ভারতে খেলার অভিজ্ঞতা নেই। এর অবশ্য একটা ইতিবাচক দিকও দেখছেন জনসন। বলেছেন, ভারতীয় ব্যাটসম্যানরা অচেনা এবং অজানা বোলারদের খেলতে গিয়ে সমস্যায় পড়তেই পারে। অস্ট্রেলিয়ার বোলাররা কুকাবুরা বলে বোল করতে অভ্যস্ত। এ ধরনের বল নতুন অবস্থায় বেশ সুইং করে। কিন্তু ভারতে খেলতে হবে এসজি বল দিয়ে। এটি আবার পুরোনো হলে রিভার্স সুইং করে। জনসনরা তাই ভারতে আসার আগে থেকেই অনুশীলন করছেন এসজি বল দিয়ে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেননি জনসন। মাত্র ৩ উইকেট পেয়েছিলেন ৭২.৩৩ গড়ে, যা তার মানের সঙ্গে একেবারেই মানানসই নয়। তবে ভারত সফরে দলের ফাস্ট বোলারদের মধ্যে তারই অভিজ্ঞতা সবচেয়ে বেশি। তাই দলের পেস বোলিংয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত জনসন। প্রথম টেস্ট শুরু হবে মোহালিতে, ১ অক্টোবর। এর আগে শনিবার থেকে চন্ডিগড়ে ভারতীয় বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৪২ ঘ.