২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইজাজ বাটকে হুমকি দিয়ে ইসিবির চিঠি

একদিনের সিরিজ জিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটের 'শর্তহীন ক্ষমা' দাবি করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংস্থা তার কাছে একটি চিঠি পাঠিয়েছে। একে তারা আইনি ব্যবস্থা নেয়ার আগের পদক্ষেপ হিসেবে অভিহিত করে তাকে হুশিয়ারও করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - একদিনের সিরিজ জিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটের 'শর্তহীন ক্ষমা' দাবি করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংস্থা তার কাছে একটি চিঠি পাঠিয়েছে। একে তারা আইনি ব্যবস্থা নেয়ার আগের পদক্ষেপ হিসেবে অভিহিত করে তাকে হুশিয়ারও করে দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাট যদি এই চিঠির সন্তোষজনক কোনো জবাব দিতে না পারেন, তাহলে তাকে আর কোনো নোটিশ পাঠানো হবে না। সরাসরি আইনি ব্যবস্থা নেয়া হবে। ওভালে তৃতীয় একদিনের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ২৩ রানে জেতার পর বাট বলেছিলেন, ইংল্যান্ডের কিছু খেলোয়াড় বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ম্যাচ হাতছাড়া করেছেন। তারপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কোপানলে পড়েন তিনি। ইসিবির চেয়ারম্যান ডেভিড কোলিয়ার বলেছেন, "আমরা বাটের ক্ষমা চাওয়ার অপেক্ষায় আছি। কারণ কোনো প্রমাণ ছাড়াই আপনি কারো সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। ওভাল ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়দের অর্থ নেয়ার কণামাত্র প্রমাণ আমরা পাইনি।" ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও বলেছেন, তার দল এমন ভিত্তিহীন অভিযোগ মেনে নিতে পারে না। এজন্য কিছু একটা করা দরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮২৫ ঘ.