ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত ইংল্যান্ড সফরে একটি ভালো খবর পেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক শহীদ আফ্রিদি, ফাস্ট বোলার শোয়েব আখতার, ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ এবং উইকেটরক্ষক কামরান আকমল মাদক পরীক্ষায় উৎরে গেছেন।
ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ইংল্যান্ড-পাকিস্তান তৃতীয় একদিনের খেলার আগে ওই চার খেলোয়াড়ের মূত্রের নমুনা পরীক্ষা করে।
পাকিস্তান দলের সহকারী ম্যানেজার শাফকাত রানা জানান, চার খেলোয়াড়ই মাদক পরীক্ষায় উৎরে গেছেন।
এদিকে টানা ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর পাকিস্তান ক্রিকেট দলের খেলার সূচী নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এ বছরের শেষ দিকে পাকিস্তান দলের সফর ঠিক সময়েই শুরু হবে। বোর্ডের প্রধান নির্বাহী জাস্টিন ভন জানান, সফর বাতিলের কোনো প্রশ্নই আসে না। কেননা সফরটি আইসিসি'ই নির্ধারণ করে দিয়েছে।
এর আগে একটি ব্রিটিশ পত্রিকা জানিয়েছিল, কিউইরা পাকিস্তানের বদলে ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানাতে পারে।
পাকিস্তান নিউজিল্যান্ড যাবে ডিসেম্বরে। দু'টি টেস্ট, পাঁচটি একদিনের খেলা এবং দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দেশ দু'টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭৪৫ ঘ.
bdnews24