২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতা আনলো পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে ন্যাটওয়েস্ট ক্রিকেট সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে সোমবার ৩৮ রানে জিতেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে ন্যাটওয়েস্ট ক্রিকেট সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে সোমবার ৩৮ রানে জিতেছে পাকিস্তান। এই জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ সমতা আনলো শহিদ আফ্রিদির দল। বুধবার সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সোমবার লর্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। শুরুতে পাকিস্তান ধীর গতির ব্যাটিং করলেও শেষ দিকে অধিনায়ক আফ্রিদির ২২ বলে ৩৭ এবং অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের ২০ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস দু'টির সুবাদে লড়াকু সংগ্রহ গড়ে তারা। রাজ্জাকের ইনিংসে একটি ছক্কা এবং আটটি চারের মার ছিল। শেষ দুই ওভারেই তিনি ওই ছক্কা এবং চারগুলো মারেন। বোলার ছিলেন জেমস অ্যান্ডারসন এবং টিম ব্রেসনান। এর আগে কামরান আকমল ২৮ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। দলীয় রান তখন ৬২। মোহাম্মদ হাফিজ ৬৪ রান করলেও, তার জন্য বল খরচ করেছেন ১০০। ফাওয়াদ আলম করেন ২৯ রান। পাকিস্তান ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ২৬৫ রান করে। ইংল্যান্ডের অফস্পিনার গ্রায়েম সোয়ান চার উইকেট নেন, ৩৭ রানে। ৪৪ রানে ২ উইকেট নেন ব্রড। এরপর ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরুর পরও ৪৬.১ ওভারে ২২৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস করেন ৬৮ রান। ৪৯ রান আসে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান স্টিভ ডেভিসের ব্যাট থেকে। ৩২ রানে ৪ উইকেট নেন উমর গুল। তিন উইকেট শোয়েব আখতারের, ৫৯ রানে। তবে ম্যাচ সেরা ব্যাটে ঝড় তোলা রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/এটি/ ১৫০২ ঘ.