২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন নিষিদ্ধের পক্ষে মুরালিধরনও

সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারের মতো শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনও বলেছেন, ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ক্রিকেটারদের অপরাধ প্রমাণিত হলে তাদের আজীবন নিষিদ্ধ করা উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারের মতো শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনও বলেছেন, ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ক্রিকেটারদের অপরাধ প্রমাণিত হলে তাদের আজীবন নিষিদ্ধ করা উচিত। এর আগে অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন ও নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও একই মত দিয়েছেন। মুরালিধরন বলেছেন, ''যদি কোনো ক্রিকেটার দোষী প্রমাণিত হন, তাহলে তাকে চিরতরে নিষিদ্ধ করাই ভালো। কারণ এছাড়া খেলাটাকে টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা নেই। তরুণ প্রজন্মের সামনে উদাহরণ সৃষ্টি করতে হবে, যাতে তারা বোঝে অনৈতিক কাজের ফল কতটা ভয়াবহ হতে পারে।'' মুরালিধরনের মতে, ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতরা দর্শক-সমর্থকদের প্রতারিত করেন। নষ্ট করেন দেশের ভাবমূর্তিও। কাজেই তাদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। অপরাধীদের কঠোর শাস্তি দিলে আর কেউ বিপথে পা বাড়াতে সাহস পাবে না। তবে একই সঙ্গে পর্দার আড়ালে লুকিয়ে থাকা জুয়াড়িদের খুঁজে বের করার আহ্বান জানান মুরালিধরন। ম্যাচ পাতানো বন্ধ করতে আইসিসিকে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন শ্রীলঙ্কার এই স্পিনার। একই সঙ্গে পাতানো ম্যাচের ক্যান্সার রুখতে সংশ্লিষ্ট দেশগুলোর ক্রিকেট বোর্ডকেও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/এনআই/১৮২৭ ঘ.