২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়া ৭ উইকেটে জয়ী

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে। প্রথমে ব্যাট করে অধিনায়ক জেমি হাউয়ের অর্ধ শতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান তোলে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, ৫ উইকেটে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বুধবার রান তাড়া করতে গিয়ে ১৯ ওভার ৪ বলে ভিক্টোরিয়া ১৬৬ রান করে, ৩ উইকেটে। অ্যারন ফিঞ্চ ৬০ বলে অপরাজিত ৯৩ রান করে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তার ইনিংসে ৩টি ছক্কা এবং ১১টি চার রয়েছে। এছাড়া ডেভিড হাসি ১৭ বলে ১৮, রব কুইনি ১৫ বলে ১৫ রান করেন। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। একটি করে উইকেট নেন ডোগ ব্রেসওয়েল ও সেথ র‌্যাঞ্চ। টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। রানের খাতা খোলার আগেই ফিরে যান পিটার ইনগ্রাম। টিম ওয়েস্টন বিদায় নেন ২ রান করে। ২১ বলে ১৪ রান করে সাজঘরের পথ ধরেন ম্যাথু সিনক্লেয়ার। এ অবস্থায় দলের হাল ধরেন উদ্বোধনী ব্যাটসম্যান জেমি হাউ। জর্জ ওয়ার্কারকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। তবে দলীয় ৮৩ রানে ম্যাকগেইনের বলে সাজ ঘরে ফিরে যান ওয়ার্কার। আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে না পারলেও রানের চাকা সচল রাখেন জেমি হাউ। শেষ পর্যন্ত তিনি ৭৭ রানে অপরাজিত ছিলেন। ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে দুই উইকেট নেন পিটার সিডল, ৩০ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/এমএইচ/২০৫৩ ঘ.