ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হয়েছেন ইংল্যান্ডের ইয়ান লেসলি পন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকায় আসবেন সাবেক এই পেস বোলার।
পন্টের সঙ্গে আপাতত বিশ্বকাপ ২০১১ পর্যন্ত চুক্তি করবে বিসিবি। ইতিমধ্যেই তার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়ে গেছে। পন্ট ঢাকায় আসার পর বাকি বিষয়গুলো চূড়ান্ত হবে।
পন্ট বাংলাদেশে আসার আগে ইংলিশ কাউন্টি দল নর্দাম্পটনশায়ারের বোলিং পরামর্শদাতা ছিলেন। তার আগে ছিলেন হল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ। পেস বোলিং কোচ হিসেবে সুনাম রয়েছে ৪৯ বছর বয়সী পন্টের। এসেক্সসহ বেশ কয়েকটি কাউন্টি ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে কখনো খেলেননি পন্ট। ১৯৮২ থেকে ১৯৮৮ পর্যন্ত সাকল্যে প্রথম শ্রেনীর ম্যাচই খেলেছেন মাত্র ২৮টি। তাতে ৩৫.৭৮ গড়ে উইকেট নিয়েছেন ৭০টি। সেরা বোলিং ৭৩ রানে ৫ উইকেট।
তবে খেলোয়াড় হিসেবে নিজেকে চেনাতে না পারলেও বোলিং কোচ হিসেবে পন্ট সফল। পেস বোলিংয়ের বিভিন্ন বৈচিত্রে তাকে বিশেষজ্ঞের মর্যাদা দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/এনআই/২০১১ ঘ.
bdnews24