ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লীগ টি টুয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান বুশরেঞ্জার্সকে ২৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকার দল ওয়ারিয়র্স। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ওয়ারিয়র্স হারিয়েছিল শ্রীলংকার ওয়েম্বাকে।
পোর্ট এলিজাবেথে সোমবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ একটা শুরু করেও কাঙ্খিত বড় সংগ্রহ গড়তে পারেনি ওয়ারিয়র্স। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে তারা। কিন্তু বোলারদের উজ্জীবিত নৈপুণ্যে ওয়ারিয়র্স ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানে বেঁধে রাখে বুশরেঞ্জার্সকে।
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে কখনোই জয়ের পথে তেমনভাবে ছুটতে পারেনি বুশরেঞ্জার্স। বরং উইকেট হারিয়েছে নিয়মিত। একসময় ৩ উইকেটে ৯৪ রানে পৌঁছালেও তারপর ১০৫ রানে তারা ৯ উইকেট হারায়। ১১ রানে পড়ে যায় পরের ৬ উইকেট।
ম্যাচের ফল জানা হয়ে যায় সেখানেই। এরপর কেবল ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ হয় ২০ ওভারে বুশরেঞ্জার্স ৯ উইকেটে ১৩০ রান তুলতেই। অধিনায়ক ডেভিড হাসি করেন সর্বাধিক ২৯ রান।
ওয়ারিয়র্সের দুই পেসার জুয়ান থেরন এবং মাখায়া এনটিনি ধসিয়ে দেন বুশরেঞ্জার্সকে। থেরন ২২ রানে ৩ এবং এনটিনি ৩৩ রানে নেন ২ উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে অন্যতম উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক ডেভি জ্যাকবের ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল ওয়ারিয়র্স। পাঁচ ওভারেই উঠে যায় ৫০ রান। তারপর দশ ওভার শেষে ওয়ারিয়র্স ১ উইকেটে ৮৩ রান তুলেছিল।
কিন্তু ৩৯ বলে ৫৯ রান করে দুভার্গ্যজনকভাবে জ্যাকব রান আউট হতেই ওয়ারিয়র্সের রানের চাকা আর ঠিকমতো চলেনি। তার ইনিংসে ছিল একটি ছক্কা এবং ৯টি চারের মার।
ওয়ারিয়র্সের অধিনায়ক ফিরে যেতেই বুশরেঞ্জার্সের বোলাররা চেপে ধরে তাদেরকে। পরের দিকে মার্ক বাউচার ২৮ বলে ৩১ এবং জোহান বোথা ১৪ বলে ২০ রান করলেও, আর কারো ব্যাটেই ঝড় ওঠেনি। ফলে ১৫৮ রানেই থেমে যেতে হয় ওয়ারিয়র্সকে।
বুশরেঞ্জার্সের ম্যাকডোনাল্ড ২ উইকেট নেন ২২ রানে। একটি করে উইকেট নেন ডার্ক ন্যানেস, হারউড এবং ক্লিন্ট ম্যাককে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/০০৫০ ঘ.
bdnews24