ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে দক্ষিণ আফ্রিকার দল লায়ন্স ১১ রানে হার মেনেছে সাউথ অস্ট্রেলিয়ার কাছে।
জেতার জন্য ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অ্যালভিরো পিটারসেনের অর্ধ-শতকের পরও লায়ন্সের ইনিংস থেমে যায় ১৬৭ রানে, ৮ উইকেটে ।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে অধিনায়ক মাইকেল কিলিঙ্গারের অর্ধ-শতকের ওপর ভর করে সাউথ অস্ট্রেলিয়া ১৭৮ রান করে, ছয় উইকেটে।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে রোববার কখনই পাল্লা দিয়ে রান তাড়া করতে পারেনি লায়ন্স। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৫ বলে ৫৬ রান করেন অধিনায়ক পিটারসেন। এছাড়া ২৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন থামি সোলকিল।
অন্য ব্যাটসম্যানদের মধ্যে রিচার্ড ক্যামেরোন করেন ১০ বলে ১৭, রবার্ট ফ্রাইলিনক ৬ বলে ১৭ ও নিল ম্যাকেঞ্জি করেন ১৩ বলে ১৫ রান।
সাউথ অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে শন টেইট তিন উইকেট নেন ৩৬ রানে।
এর আগে লায়ন্স টস জিতে ব্যাটিংয়ে পাঠায় সাউথ অস্ট্রেলিয়াকে। মাত্র ১৭ রানে প্রথম উইকেট হারালেও ওভার প্রতি রান তোলার হার কখনই কমেনি। বিশেষ করে কিলিঙ্গারের ঝড়ো ব্যাটিংয়ের জন্য। তিনি ৭৮ রান করেন মাত্র ৪৮ বলে। ইনিংসটি সাজান ছয়টি চার ও পাঁচটি ছক্কা দিয়ে।
এছাড়া ক্যালাম ফার্গুসন করেন ৪৭। তার ২৭ বলের ইনিংসে রয়েছে সাতটি চার।
এই দু'জন বাদে আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি।
লায়ন্সের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন রবার্ট ফ্রাইলিনক, জান্ডার ডি ব্র"ইন ও আরন ফাঙ্গিসো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২০৫৪ ঘ.
bdnews24