ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় খেলায় চেন্নাই সুপার কিংসের কাছে ৫৭ রানে হেরেছে নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।
ডারবানের কিংসমিডে শনিবার জয়ের লক্ষ্য ১৫২ রান তাড়া করতে গিয়ে ১৮ ওভার ১ বলে ৯৪ রানেই গুটিয়ে যায় সেন্ট্রাল ডিস্ট্র্রিক্টসের ইনিংস।
প্রথমে ব্যাট করে সুব্রামনিয়াম বদ্রিনাথের অপরাজিত অর্ধ-শতকের সুবাদের ভারতের দল চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে করে ১৫১।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৮ বলে ৩০ রান করেন ডোগ ব্রেসওয়েল। এছাড়া অধিনায়ক জেমি হাউ ১৩, ম্যাথু সিনক্লেয়ার ১০ ও মাইকেল ম্যাসন ১০ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
চেন্নাইয়ের বোলারদের মধ্যে লক্ষ্মীপতি বালাজি তিন উইকেট নেন ২০ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই খাদে পড়ে যায় চেন্নাই। মাত্র ৪০ রানের মধ্যে মুরালি বিজয় (১৯), সুরেশ রায়না (৪) ও ম্যাথু হেইডেন (০) বিদায় নেন।
এ অবস্থায় হাল ধরে দলকে খাদ থেকে টেনে তোলেন সুব্রামনিয়াম বদ্রিনাথ ও শ্রীকান্ত অনিরুদ্ধ। জুটি বেঁধে তারা দলের সঙ্গে যোগ করেন ৭৩ রান।
দলীয় ১১৩ রানের মাথায় ৪২ রান করে সাজঘরে ফিরে যান অনিরুদ্ধ। তার ২৯ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি। ছক্কা একটি।
বদ্রিনাথ ৪২ বলে ৫২ ও অ্যালবি মরকেল ১৫ বলে অপরাজিত ২৬ রান করলে চেন্নাইয়ের রান দেড় শ' ছাড়িয়ে যায়। বদ্রিনাথ তার হার না মানা ইনিংসে দড়ির ওপারে বল পাঠান চারবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে দু'বার। আর মরকেল একটি চার মারলেও ছক্কা মারেন দু'টি।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বোলারদের মধ্যে ডোগ ব্রেসওয়েল দুই উইকেট নেন ২৮ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/০০৪৬ ঘ.
bdnews24