ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে দক্ষিণ আফ্রিকার দল ওয়ারিয়র্স সহজেই ৭ উইকেটে জিতেছে ওয়েম্বার বিপক্ষে। জয়ের লক্ষ্য ১৫৪ টপকে ১৫৬ রানে পৌঁছে যায় তারা তিন উইকেটে। তখনো হাতে ছিল ১০ বল।
প্রথমে ব্যাট করে জীবন্ত কুলাতুঙ্গার অর্ধ-শতকের ওপর ভর করে শ্রীলঙ্কার দল ওয়েম্বা রান করে ১৫৩, নয় উইকেটে।
পোর্ট এলিজাবেথে শনিবার রান তাড়া করতে নেমে দলীয় ১৭ রানের মাথায় অ্যাশওয়েল প্রিন্স (১০) ফিরে গেলে কিছুটা হলেও বিপাকে পড়ে ওয়ারিয়র্স।
এ অবস্থায় হাল ধরে অধিনায়ক ডেভি জ্যাকবস ও কলিন ইনগ্রাম পরিস্থিতি সামাল দেন। জুটি বেঁধে তারা দলের সঙ্গে ৫২ রান যোগ করেন। ৬৯ রানের মাথায় ১৮ বলে ২৬ রান করে সাজঘরের পথ ধরেন জ্যাকবস। ৯৩ রানের মাথায় ইনগ্রাম (৩৪) বিদায় নিলে কিছুটা আশার আলো ছড়িয়ে পড়ে ওয়েম্বা শিবিরে।
কিন্তু সেই আলো নিভিয়ে দেন জাস্টিন ক্রেউশ ও মার্ক বাউচার। দলকে তারা জয়ের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেন । ক্রেউশ ৩৭ রানে অপরাজিত ছিলেন। তিনি তার ২৯ বলের ইনিংসটি সাজান তিনটি চার দিয়ে। এছাড়া হার না মানা ৪০ রান করেন বাউচার। তিনি তার ২৬ বলের ইনিংসটি সাজান চারটি চার ও দু'টি ছক্কা দিয়ে।
ওয়েম্বার বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন চানাকা ওলেগেদারা, অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথ। এজন্য ওলেগেদারার খরচ হয় ২৬ রান। মেন্ডিস দেন ২৫ ও হেরাথ ১৮।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ওয়েম্বা। ওয়ারিয়র্সের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান শ্রীলঙ্কার জাতীয় দলের ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে (০)। ওভারের শেষ বলে বিদায় নেন মাহেলা উদাওয়াত্তে (২)। ফলে চাপে পড়ে যায় ওয়েম্বা।
এ অবস্থায় হাল ধরে উদ্বোধনী ব্যাটসম্যান জীবন্ত কুলাতুঙ্গা ও অধিনায়ক জেহান মুবারক দলের সঙ্গে ৪৮ রান যোগ করলে সেই চাপ থেকে বেরিয়ে আসে ওয়েম্বা। দলীয় ৫০ রানের মাথায় সাজঘরে ফিরে যান মুবারক (৯)।
তবে রানের চাকা থামেনি, সচল রাখেন কুলাতুঙ্গা ও কুশাল পেরেরা। জুটি বেঁধে তারা ৬০ রান যোগ করলে বড় ইনিংসের পথে হাঁটতে থাকে দলটি। কিন্তু ১১০ রানের মাথায় কুলাতুঙ্গা বিদায় নিলে পথ হারিয়ে ফেলে তারা। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। ৪৪ বলে ৫৯ রান করেন কুলাতুঙ্গা। তিনি তার ইনিংসটি সাজান ছয়টি চার ও তিনটি ছক্কা দিয়ে।
দলীয় ১২৬ রানের মাথায় সাজঘরে ফেরার আগে পেরেরা ২৪ বলে ৩৯ রান করেন। দড়ির ওপারে বল পাঠান তিনি একবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে তিনবার।
শ্রীলঙ্কার অন্য ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি।
ওয়ারিয়র্সের বোলারদের মধ্যে ২৩ রানে তিন উইকেট নেন জে থেরন। এছাড় দুই উইকেট নেন মাখায় এনটিনি, ৩৪ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১২০ ঘ.
bdnews24