ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত তিন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির শনিবার দেশে ফিরেছেন। তবে পুলিশ তলব করলেই তাদের আবার ইংল্যান্ড যেতে হবে।
লন্ডন থেকে লাহোরে পৌঁছানোর পর বিমানবন্দরের পেছনের দরজা দিয়ে তাদের বের করে নিয়ে যাওয়া হয়, যাতে সাংবাদিক ও বিক্ষোভের মুখে পড়তে না হয়।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে নো বল করার অভিযোগ আনা হয়েছে আসিফ ও আমিরের বিরুদ্ধে। আর এতে নাটের গুরুর ভূমিকা পালন করেন অধিনায়ক সালমান বাট। এরই মধ্যে সব ধরনের ক্রিকেটে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তদন্তও চলছে ম্যাচ পাতানোর এই ঘটনা নিয়ে।
এ ব্যাপারে আরেক খেলোয়াড় ওয়াহাব রিয়াজকে জিজ্ঞাসাবাদ করা হবে মঙ্গলবার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ইজাজ বাট ক্রিকেটারদের দেশে ফেরার বিষয়টি ব্যাখ্যা করেন আগেরদিন শুক্রবার, এক বিবৃতিতে।
তিনি বলেন, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনেনি। তাদের তদন্তেও ক্রিকেটাররা পুরোপুরি সহায়তা করেছেন। পুলিশ তলব করলে তারা আবার ইংল্যান্ড যেতেও রাজি আছেন বলে পিসিবি প্রধান জানান।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, এই তিন ক্রিকেটারের বাবা-মা ও ক্রিকেট বোর্ডের অনুরোধে ঈদ করার জন্য তাদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৩৮ ঘ.
bdnews24